বিগত তিন বছরের মতো এবারও কাঁচা চামড়ার দাম কমিয়ে ধরতে চান ব্যবসায়ীরা। ট্যানারির মালিক ও চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতারা আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে বসবেন। সেই বৈঠকে তাঁরা গত বছরের চেয়ে বেশ খানিকটা কমিয়ে চামড়ার দাম নির্ধারণের প্রস্তাব করবেন বলে জানা গেছে।
এবারও দাম কমিয়ে ধরা হলে এ নিয়ে পরপর চার বছর ধরে কমবে চামড়ার দাম। ট্যানারির মালিকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় তাঁরা বেশি দাম দিতে পারবেন না। এ ছাড়া ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন, কিন্তু টাকার মূল্যবৃদ্ধি, চামড়ার পুরোনো মজুত রয়ে যাওয়া, ট্যানারি সরাতে বিপুল বিনিয়োগের কারণে তারল্য সংকট—এসব কারণেও তাঁদের পক্ষে দাম বাড়িয়ে ধরা সম্ভব নয়।
জানতে চাইলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এবারও বেশ খানিকটা কমিয়ে দাম নির্ধারণের প্রস্তাব করা হবে। তবে অনেক বেশি কমবে না।
দেশে বছরে মোট যে পরিমাণ চামড়া সংগৃহীত হয় তার ৫০ থেকে ৫৫ শতাংশ আসে পবিত্র ঈদুল আজহা থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, গত বছর দেশে ৯৬ লাখ ৩৫ হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই হয়েছিল।
ট্যানারির মালিকদের দুই সমিতি বিএফএলএলএফইএ এবং বিটিএ (বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন) প্রতিবছর তারা কত দরে চামড়া কিনবে তা আগাম ঘোষণা করে। গত বছর ঈদুল আজহায় ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছিল ৫০-৫৫ টাকা, যা আগের বছরের চেয়ে প্রতি বর্গফুটে ২০ টাকা কম। ঢাকার বাইরে এ দর ৪০-৪৫ টাকা ঠিক করা হয়েছিল। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকা ও মহিষের চামড়ার দাম ৩০-৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
২০১৪ সালে রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকা। ঢাকার বাইরে এই দর ঠিক করা হয়েছিল ৬০ থেকে ৬৫ টাকা। এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ৩০ থেকে ৩৫ টাকা, বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং মহিষের চামড়া ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করেছিলেন ট্যানারির মালিকেরা।
২০১১ ও ২০১২ সালে ট্যানারির মালিকেরা চামড়ার আগাম কোনো দাম ঘোষণা করেননি। ২০১৩ সালে ঢাকায় গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা আর ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে দেখা যাচ্ছে, ২০১৩ সালের তুলনায় ২০১৫ সালে প্রতি বর্গফুট গরুর চামড়ায় দাম কমিয়ে ধরা হয় ৩৫ টাকা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে মোটা দাগে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ২ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এ সময়ে আয় হয়েছে ১ হাজার ১৬১ কোটি ডলার। এর মধ্যে সরাসরি চামড়া রপ্তানি করে আয় হয়েছে প্রায় ২৮ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ কম। অন্যদিকে চামড়াজাত পণ্যের রপ্তানি আয় হয়েছে প্রায় ৩৯ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ৫৬ শতাংশ বেশি। অন্যদিকে চামড়ার ফুটওয়্যার রপ্তানি হয়েছে প্রায় ৪৯ কোটি ডলার, যা গত বছরের চেয়ে ২ দশমিক ২৮ শতাংশ বেশি।
ট্যানারিগুলো বেশি দাম দিতে রাজি হওয়ায় কয়েক বছর ধরে চামড়ার দাম কম পাচ্ছেন আড়তমালিকেরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান প্রথম আলোকে বলেন, দুই বছর আগে একটি বড় চামড়া সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হতো। এবার সেটা ১ হাজার ৭০০ টাকার আশপাশে বিক্রি হতে পারে।