চামড়ার দাম নির্ধারণ নিয়ে সংশয়
এমনিতেই কয়েক মাস ধরে ভারত থেকে গরু আসছে কম। আসন্ন কোরবানি ঈদের সময় জবাই করার জন্য চাহিদা অনুযায়ী গরু পাওয়া যাবে কি না, সে নিয়ে সন্দিহান অনেকেই। যদিও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১০ লাখ গরুর ঘাটতি থাকলেও তা কেটে যাবে।
কিন্তু এবার কোরবানির পশুর পাশাপাশি এর চামড়া নিয়েও জটিলতা দেখা দিতে পারে। কারণ ট্যানারি মালিকেরা চান না চামড়ার দাম নির্ধারণ হোক। তাঁরা বলছেন, দাম বেঁধে দিলেও সে দামে চামড়া কেনা হয় না। ফলে জটিলতা হয়। তবে ভিন্নমত কাঁচা চামড়ার আড়তদারদের। তাঁদের বক্তব্য হলো, দাম বেঁধে দেওয়া না হলে তা পাচারের আশঙ্কা থাকে।
জানতে চাইলে ট্যানারি মালিকদের একটি সংগঠন বাংলাদেশ লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএলএলএফইএ) সভাপতি আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘হাজারীবাগের ট্যানারিগুলোর কাছে আগের বছরের ৫০ শতাংশ চামড়া মজুত পড়ে আছে। এ অবস্থায় আমরা এবার চামড়ার দাম বেঁধে না দেওয়ার চেষ্টা করছি। যার দরকার হবে সে কিনবে, যার দরকার নেই, সে কিনবে না।’ গত বছর তো দাম বেঁধে দিয়েছিলেন মনে করিয়ে দিলে তিনি বলেন, দাম বেঁধে দিলেও দেখা যায় এর চেয়েও অনেক বেশি দামে চামড়া কেনা হয়। পরে সেই চামড়া নিয়ে আড়তদারদের সঙ্গে ঝামেলা হয়।
তবে আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘কাঁচা চামড়ার দাম নির্ধারণ না করে দিলে তা পাচারের আশঙ্কা থাকে। কারণ মানুষ চামড়ার দাম পাবে কি না, তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না।’
আর এই দুইয়ের মাঝে পড়ে সংকটে পড়ার আশঙ্কায় চামড়া ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী শিল্প খাত। জুতা রপ্তানিকারী প্রতিষ্ঠান জেনিসের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের মূল্য ব্যাপক কমে যাওয়া এবং চীনের শেয়ারবাজারে বড় ধসের প্রভাবে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম অনেক কমে গেছে। সামনের দিনগুলোতে বিশ্ববাজারে রপ্তানি হওয়া প্রস্তুত চামড়া এবং জুতার দাম হয়তো আরও কমে যাবে। তাই কোরবানিতে চামড়া নিয়ে যেকোনো ধরনের জটিলতা এড়ানো প্রয়োজন।
কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে ট্যানারি মালিকদের দুই বিএলএলএফইএ ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রতিবছরই কোরবানির আগে বিশ্ববাজারে প্রস্তুত চামড়ার দরপতনের অজুহাত দেখিয়ে চামড়া কম দামে কিনতে চান ট্যানারি মালিকেরা। এ ক্ষেত্রে তাঁদের বড় অস্ত্র হলো চামড়ার দাম ঠিক করে না দেওয়া। কারণ এতে তাঁরা কম দামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পারেন। যেবারই চামড়ার দাম ঠিক করা হয়নি, সেবারই জটিলতা হয়েছে। অবশ্য গত দুই বছর চামড়ার দাম ঠিক করে দেওয়া হয়। তা সম্ভব হয়েছে ওই দুই বছরের দুই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও তোফায়েল আহমেদের হস্তক্ষেপে।
ট্যানারি মালিক ও আড়তদারদের সঙ্গে আলাপ করে জানা যায়, চামড়ার দাম ঠিক করা হবে কি হবে না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ নিয়ে তিন সংগঠনের নেতারা আলোচনায় বসবেন। কোরবানির আগের সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে। গত বছর কোরবানিতে ৭০-৭৫ লাখ চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকেরা।
ঢাকায় কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়তটি লালবাগের পোস্তায়। এখানে প্রতি বর্গফুট ভালো মানের চামড়া বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, যেটা গত বছর কোরবানির পর ছিল ১৩০ টাকা। মাঝারি মানের চামড়ার দাম গত বছর যেখানে ছিল ৯০-১০০ টাকা, সেটা এখন দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকায়। আর নিম্নমানের চামড়ার দাম ৫০-৫৫ টাকা, যা গত বছর ছিল ৬০-৭০ টাকা।
ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় পোস্তায় চামড়াও আসছে কম। স্বাভাবিক সময়ে ঢাকার আশপাশ থেকে প্রতিদিন কাঁচা চামড়া আসত প্রায় সাত হাজার। এখন আসছে তিন-চার হাজার।
এদিকে জুতা রপ্তানিকারকেরা বলছেন, বড় প্রতিষ্ঠানগুলো হাজারীবাগ থেকে চামড়া কেনে না। নিজেরাই চামড়া কিনে প্রক্রিয়াজাত করে। সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। অন্যদিকে তারা খারাপ মানের চামড়া পাচ্ছে।
বাংলাদেশ পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি নাসির খান জানান, রপ্তানিকারকেরা এখন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এমনকি ইতালি থেকেও প্রস্তুত চামড়া আমদানি করে জুতা তৈরি শুরু করেছেন।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর রপ্তানির জন্য ২৪ কোটি বর্গফুট প্রস্তুত চামড়া উৎপাদিত হয়। আর অভ্যন্তরীণ ব্যবহারের জন্য উৎপাদিত হয় আরও চার-পাঁচ কোটি বর্গফুট চামড়া।