চামড়াশিল্প শ্রমিকের ১০০ টাকায় ব্যাংক হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়াশিল্পের শ্রমিকেরা তাঁদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পেতে ১০০ টাকায় হিসাব খুলতে পারবেন। ভাউচারের মাধ্যমে এই হিসাবে অর্থ জমা ও উত্তোলন করা যাবে।
শ্রমিকেরা তাঁদের জাতীয় পরিচয়পত্র ও কর্মরত প্রতিষ্ঠানের ইস্যু করা পরিচয়পত্র দিয়েই হিসাবটি খুলতে পারবেন। এ হিসাবে ন্যূনতম স্থিতি রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না। কোনো প্রকার মাশুল আদায় করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চেকবইয়ের অপ্রতুলতা থাকলে চেকবইয়ের পরিবর্তে ভাউচারের মাধ্যমেও হিসাবগুলোতে লেনদেন করা যাবে। চামড়া খাতের ব্যবসা উন্নয়ন কাউন্সিলের (এলএসবিপিসি) প্রকল্পভুক্ত পাদুকা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী ক্ষুদ্র কারখানার কারিগরদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য শ্রমিকেরা এই ১০০ টাকার ব্যাংক হিসাব খুলতে পারবেন।
ব্যাংকগুলো হিসাব খুলছে কি না বা কতটা হিসাব খোলা হয়েছে, এ-সংক্রান্ত তথ্যাদি ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। এটি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১৫ দিনের মধ্যে।