রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি শুধু সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর করলেই চলবে না, এসব ট্যানারি যেন কমপ্লায়েন্সের শর্ত মেনে পণ্য উৎপাদন করতে পারে সেটিও নিশ্চিত করতে হবে।
আবার অন্যান্য খাতের মতো চামড়াশিল্পে শুধু শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করলেই এসব কারখানা কমপ্লায়েন্ট হয়ে উঠবে না। এ জন্য পরিবেশগত শর্ত পালন বেশি গুরুত্বপূর্ণ, যেন দূষণ না হয়।
ঢাকায় ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে গতকাল বুধবার অনুষ্ঠিত ‘চামড়াশিল্পে কমপ্লায়েন্টের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশে ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।
অনুষ্ঠানের অতিথি চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার বলেন, চামড়া শিল্পনগরে ১৫৫টি কারখানার মধ্যে ১৫২টির কাজ চলছে। অনেকেরই ভবন নির্মাণকাজ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সিইটিপির (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) নির্মাণকাজ শেষ হয়ে যাবে। আর জুনের মধ্যে সব ট্যানারি সেখানে স্থানান্তর করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কারখানা হস্তান্তর না করলে ট্যানারি মালিকেরা সমস্যায় পড়বেন বলে মন্তব্য করেন তিনি।
সেমিনারে এলএসবিপিসির সমন্বয়ক এস এম রেজওয়ান হোসেন বলেন, পরিবেশ দূষণকারী ট্যানারিগুলো সাভারের শিল্পনগরে স্থানান্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্যানারি মালিকদের এ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
বিটিএর উপদেষ্টা মোশাররফ হোসেন বলেন, ‘আমরা ৬৪ বছরের সম্পত্তি ছেড়ে সাভারে যাব, যেন উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রক্রিয়া দেখে বিদেশিরা খুশি হন।’
কীভাবে কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করবেন?—জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, এ জন্য কারখানা ভবন নির্মাণ থেকে শুরু করে চামড়া উৎপাদন পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিয়মনীতি অনুসরণ করতে হবে। এমন রাসায়নিক ব্যবহার করা যাবে না, যেটা পরিবেশ দূষণ করে এবং যা নিয়ে আন্তর্জাতিক ক্রেতারা আপত্তি তোলেন। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেয়, এমন কিছুও করা যাবে না। সাভারে গেলে এসব নিশ্চিত করা হবে।
সেমিনারের অন্য বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক রপ্তানি বাজারে টিকে থাকার জন্য চামড়া উৎপাদন করতে গিয়ে কোনোভাবেই যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ও কারখানায় শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষক নূর মুহাম্মদ ও আইনজীবী হাসান তারিক চৌধুরী।