বন্ডেড ও নন-বন্ডেড শিল্পপ্রতিষ্ঠানের শুল্কবৈষম্য কমানোর সুপারিশ করেছে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতি। নন-বন্ডেড ট্যানারির জন্য বর্তমানে ধার্য করা আমদানি শুল্কহার ৫ শতাংশ প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক-বাজেট আলোচনায় সমিতির সভাপতি বেলাল হোসেন এসব সুপারিশ করেন।এ ছাড়া এই খাতের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৪ শতাংশ অগ্রিম মূসক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন কসমেটিক্স, টয়লেট্রিজ ও জুয়েলারি, সিঅ্যান্ডএফ, শিপিং, ফ্রেইড ফরওয়ার্ডিংসহ বিভিন্ন খাতের নেতারা।শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব শামসুল আলম ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা দুই লাখ থেকে আড়াই লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেন। বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম এইচ শহিদুল হক বলেন, এ খাতের প্রতিষ্ঠানের সেবা রপ্তানি ও এর বিনিময়ে বৈদেশিক মুদ্রায় ঝামেলাহীন কমিশন আয় করতে ইনডেন্টিং সংস্থার (এসও-১৪.০০) সংজ্ঞা পরিবর্তন করা উচিত।