চামড়াশিল্পের প্রদর্শনী শুরু

বাংলাদেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প হলো চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়া ও পাদুকা উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক উপাদান, রংসহ প্রস্তুত চামড়াজাত পণ্যের তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৪’ শীর্ষক এক প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে।
ভারতের বেসরকারি প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের আয়োজনে ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
প্রদর্শনীতে ভারত, চীন, তুরস্ক, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১০০টি স্টল রয়েছে।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, পাদুকা, চামড়াজাত পোশাক, হাতব্যাগ, আঠা, বার্নিশ, পাদুকা সেলাইয়ের যন্ত্রপাতি, চামড়া প্রক্রিয়াজাত থেকে এসব কাজে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতির বাহারি সব স্টল। দর্শনার্থীদের অনেকেই স্টলগুলো ঘুরে দেখছেন, কেউ বা আবার প্রয়োজনীয় যন্ত্রের খোঁজ নিচ্ছেন।
বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির স্টলে ৪৫০টির বেশি সদস্য প্রতিষ্ঠানের তৈরি পাদুকা প্রদর্শিত হচ্ছে। সমিতির সদস্য আশরাফ উদ্দিন জানান, পাদুকা তৈরিতে প্রয়োজনীয় চামড়া কাঁচামালের ৯০ শতাংশ এখন দেশেই তৈরি হয়।
ভারতের চামড়া রপ্তানি পরিষদ (সিএলই) এবং ভারতীয় পাদুকা উপাদান প্রস্তুতকারী সমিতির (আইএফসিওএমএ) মাধ্যমে সেই দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিলস বাংলাদেশ লিমিটেড।
গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘সরকার পণ্য রপ্তানির বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে বহুমুখী চামড়াজাত পণ্য রপ্তানির ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্বায়নের এ যুগে ভারতের মতো দেশ যদি আমাদের এ খাতের উন্নয়নে সহযোগিতা করে, তাহলে উভয় দেশই লাভবান হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফএলএলএফইএর চেয়ারম্যান আবু তাহের, এএসকের পরিচালক নন্দ কুমার গোপাল, এলএফএমইএবির জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে ৭৪ কোটি ৫৪ লাখ ডলার আয় হয়েছে। এই আয় তার আগের অর্থবছরের ৫৬ কোটি ডলারের চেয়ে ৩৭ দশমিক বেশি।