চামড়াশিল্পের যন্ত্রপাতি এক ছাদের নিচে তিন দিন

মৃদু শব্দে কম্পিউটার-নিয়ন্ত্রিত সারি সারি ছোট-বড় নানা মাপের সেলাইযন্ত্র চলছে। হরেক রকমের নকশার কারুকাজ শেষে চামড়ার ছোট ছোট টুকরা বের হয়ে আসছে। আর পুরো কাজে উদ্যোক্তাসহ বিভিন্ন বয়সী মানুষের উৎসুক দৃষ্টি।
চামড়াশিল্পের আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম আর রাসায়নিক দ্রব্যের আন্তর্জাতিক প্রদর্শনীর প্রথম দিন গতকাল বৃহস্পতিবার ঢুকতেই একটি স্টলে দৃশ্যটি চোখে পড়ল। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন বসেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর পোশাকি নাম ‘লেদারটেক বাংলাদেশ-২০১৩’। প্রদর্শনীতে চামড়াশিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্র, জুতার সোল, চামড়া, রাসায়নিক দ্রব্য নিয়ে এসেছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক ও ইতালির ৮৯টি স্টল। অবশ্য সাত-আটটি ছাড়া বাকি সবই বিদেশি প্রতিষ্ঠানের।
গতকাল দুপুরের পর প্রদর্শনীতে গিয়ে দেখা গেল, দর্শনার্থীরা কেবল আসতে শুরু করেছেন। তাঁদের বেশির ভাগই আবার সেলাইযন্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোয় ভিড় করছেন। এমনই একটি হংকংভিত্তিক প্রতিষ্ঠান সি চিয়াং সুইং মেশিন লিমিটেড। প্রতিষ্ঠানটি চীনের গোল্ডেন হুইল ব্র্যান্ডের জুতা, চামড়ার বেল্ট, মানিব্যাগ ও কাঁধে ঝোলানো ব্যাগ তৈরির বিভিন্ন ধরনের সেলাইযন্ত্র বিক্রি করছে। ৫০০ থেকে ১৫ হাজার মার্কিন ডলার মূল্যের এসব যন্ত্রের খোঁজখবর নিতে দেখা গেল বেশ কয়েকজনকে।
প্রতিষ্ঠানটির বিপণন নির্বাহী সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে চামড়াশিল্পের বড় ধরনের সম্ভাবনা আছে। এ ছাড়া শ্রমের মজুরি বেড়ে যাওয়ায় সম্প্রতি চীনের অনেক উদ্যোক্তা শিল্পটি থেকে সরে আসছেন। ফলে চীনের বাজার ধরারও সুযোগ আছে।
সাইফুল ইসলাম আরও বলেন, পুরোনো বা নতুন—সব উদ্যোক্তার জন্যই এই প্রদর্শনী অনেক সহযোগিতা করবে। কারণ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে চামড়াশিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে এসেছে। ফলে এক ছাদের নিচে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানা যাবে।
সুইজারল্যান্ডের ক্লিয়ার্যান্ট ব্র্যান্ড এসেছে প্রদর্শনীতে। প্রতিষ্ঠানটির উত্তর ভারত ও বাংলাদেশের বিক্রয়প্রধান সুবীর দত্ত বললেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা করছি। বর্তমানে চামড়াশিল্পে কাঁচা চামড়ার চেয়ে তৈরি পণ্যের রপ্তানি বাড়ছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর সুযোগ আছে।’
সুবীর দত্ত আরও বলেন, ‘এই সুযোগটি কাজে লাগাতে জুতা ও পণ্যসামগ্রী তৈরির জন্য আমরা উন্নত মানের চামড়া নিয়ে এসেছি। বিক্রির চেয়ে মূলত উদ্যোক্তাদের এ ধরনের চামড়ার সঙ্গে পরিচিত করাই আমাদের মূল উদ্দেশ্য।’ ক্লিয়ার্যান্ট ব্র্যান্ডের এই চামড়াগুলো ভারতের বলে জানালেন তিনি।
জুতার সোল, সোলের ওপরের বোর্ড ও চামড়া, বিভিন্ন ধরনের আঠা বা গাম নিয়ে এসেছে বিকেএলএস ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি সাত বছর ধরে বিদেশ থেকে আমদানি করে এসব পণ্য দেশের বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে জানালেন পরিচালক মোহাম্মদ হালিম।
প্রদর্শনীটির আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেড। এতে সহযোগিতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন এবং সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিলস বাংলাদেশ লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকার এক হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তুলছে। সাভারে ট্যানারি স্থানান্তরিত হলে ঢাকাবাসীকে দূষণ থেকে রক্ষা করা সম্ভব হবে।’ তিনি জাতীয় স্বার্থে ঢাকা থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরে সবার সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফএলএলএফইএর সভাপতি মো. আবু তাহের, এএসকের পরিচালক নন্দ কুমার গোপাল, এলএফএমইএবির সহসভাপতি নাসির খান, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব চামড়াপণ্য তৈরি করে বাংলাদেশ এ খাতে রপ্তানি বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে পারে। রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে গুণগত মানের জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা মেটাতে তাঁরা উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন ও পণ্য বৈচিত্র্যকরণের পরামর্শ দেন।