চামড়া আমদানি করছে পাদুকা প্রস্তুতকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় দেশের বাজারে গরুর মাংসের দাম আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু একই কারণে বিপাকে পড়েছে দেশীয় চামড়াশিল্পও।
গরু জবাই কমে যাওয়ায় সারা দেশ থেকে চাহিদা অনুযায়ী কাঁচা চামড়া পাচ্ছেন না আড়তদারেরা। ফলে তাঁদের সেটা বেশি দামে কিনতে হচ্ছে। আবার ট্যানারি মালিকেরা ওই চামড়া বেশি দামে তাঁদের কাছ থেকে কিনতে চাইছেন না। অন্যদিকে পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের এখন বেশি দামে ‘মানহীন’ চামড়া কিনতে হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিসােব, দেশে প্রতিবছর গড়ে ২০ লাখ গরু ভারত থেকে আনা হয়। ২০১৪ সালে গরু এসেছে ২০ লাখ ৩২ হাজার। ২০১৩ সালে আসে ২৩ লাখ ৭৪ হাজার অর্থাৎ মাসে প্রায় দুই লাখ করে গরু এসেছে। কিন্তু এ বছর ফেব্রুয়ারি থেকে গরু আসা কমতে থাকে। যেখানে গত জানুয়ারিতে গরু আসে ১ লাখ, সেখানে ফেব্রুয়ারিতে আসে ৪৮ হাজার ৪৫০টি, মার্চে আসে ৪৪ হাজার ৯৪৫টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মে মাসে ২০ হাজারের বেশি গরু দেশে আসেনি।
দেশে কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়তটি ঢাকার লালবাগের পোস্তায়। স্বাভাবিক সময়ে সারা দেশ থেকে মাসে এই আড়তে ২০ হাজারের বেশি গরুর চামড়া আসে। আর ঢাকা থেকে প্রতিদিন আসে আড়াই হাজার থেকে তিন হাজার চামড়া। কিন্তু ভারতীয় গরু আসা কমে যাওয়ায় এখন মাসে ১০ হাজার থেকে ১২ হাজার চামড়া আসছে। ঢাকা থেকে আসছে এক হাজার থেকে দেড় হাজার।
কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, পোস্তায় এখন চামড়ার সরবরাহ কমে গেছে। তাঁর দাবি, সরবরাহ কমে গেলেও চামড়ার দাম বাড়েনি। ফেব্রুয়ারিতে ভালো মানের চামড়া প্রতি বর্গফুট ৯০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়।
আড়ত থেকে এই চামড়াটা সংগ্রহ করেন ট্যানারি মালিকেরা। সেখানে এই কাঁচা চামড়া প্রক্রিয়াজাত হয়। কিন্তু পর্যাপ্ত চামড়া না পাওয়া এবং চামড়ার দাম বেড়ে যাওয়ায় হাজারীবাগের অনেক ট্যানারি এক-দেড় মাস ধরে উৎপাদনই বন্ধ রেখেছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) হিসাবে হাজারীবাগে ১৫৫ থেকে ১৬০টি ট্যানারি থাকলেও চামড়ার অভাবে এখন উৎপাদন বন্ধ রয়েছে ৭০ থেকে ৭৫টি ট্যানারি।
বিটিএর সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় গরুর চামড়া আমরা নিম্নমানের চামড়া হিসেবে প্রতিবর্গফুট ৩০ থেকে ৪০ টাকা দরে কিনতাম। সেই চামড়া এখন ৭০ থেকে ৮০ টাকায় কিনতে হচ্ছে। এই দামে কিনে আমরা পোষাতে পারছি না।’ তিনি বলেন, গত কোরবানি ঈদের সময়কার মজুত থাকা চামড়া দিয়েই এখন ট্যানারি মালিকেরা রপ্তানির কাজ চালাচ্ছেন।
ট্যানারি মালিকদের কাছ থেকে প্রস্তুত চামড়া কিনে এবং কিছু ক্ষেত্রে নিজেরাই কাঁচা চামড়া প্রস্তুত করে পাদুকা তৈরি করে দেশীয় পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় গরু না আসায় দুইভাবে সমস্যায় পড়েছে তারা। প্রথমত, সরবরাহ কমে যাওয়ায় বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। অন্যদিকে তারা খারাপ মানের চামড়া পাচ্ছে।
পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনিসের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান প্রথম আলোকে বলেন, ‘মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেক কসাই বেশি লাভের আশায় চামড়ার সঙ্গে মাংস রাখছেন খুবই কম। এতে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, আগের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। সে কারণে জুতার উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। কিন্তু জুতার দাম তো বাড়াতে পারছি না। আগের অর্ডার অনুযায়ী জুতা রপ্তানি করতে হচ্ছে।
বাংলাদেশ পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি আরও জানান, তাঁরা এখন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এমনকি ইতালি থেকেও প্রস্তুত চামড়া আমদানি করে পাদুকা তৈরি শুরু করেছেন।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর রপ্তানির জন্য ২৪ কোটি বর্গফুট প্রস্তুত চামড়া উৎপাদিত হয়। আর অভ্যন্তরীণ ব্যবহারের জন্য উৎপাদিত হয় আরও চার-পাঁচ কোটি বর্গফুট চামড়া। এবারের উৎপাদন এর চেয়ে অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংগঠনের সভাপতি শাহীন আহমেদ।