চামড়া কিনতে চার ব্যাংক এবার ৩৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবার ব্যবসায়ীদের প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত বছর এই ব্যাংকগুলো এ খাতে ঋণ দিয়েছিল প্রায় সোয়া তিন শ কোটি টাকা।তবে এসব ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক এ খাতে শাখাপর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে।সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চামড়া খাতে এখন তাদের তিনটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান রয়েছে। এ বছর ব্যাংক এরই মধ্যে ৬৫ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে। গত বছরও এ খাতে ব্যাংকটি প্রায় একই পরিমাণ ঋণ দিয়েছিল।জনতা ব্যাংক গত বছরের মতো এবারও ১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বলে জানা গেছে।অগ্রণী ব্যাংক গতবার চামড়া ক্রয়ে দিয়েছিল ৯০ কোটি টাকা। কিন্তু এবার দিচ্ছে ৮০ কোটি টাকা। গতবারের একজন গ্রহীতা ঋণ পরিশোধ না করায় এবার তাঁকে ঋণ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ বলেন, ‘আমাদের নীতিমালা হচ্ছে, যারা ঋণ সমন্বয় করেছে, তাদের ঋণ দেওয়া হবে।’ রূপালী ব্যাংক এবার দিচ্ছে ৫০ কোটি টাকা। গত বছর এ খাতে ব্যাংকটির ঋণ ছিল ২৫ কোটি টাকা। ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিন বলেন, ‘চামড়া খাতে আমাদের চারটি ভালো ঋণগ্রহীতা প্রতিষ্ঠান রয়েছে। তাদের আমরা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’এরই মধ্যে কিছু ক্ষেত্রে ঋণ অনুমোদন হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে পরিচালনা পর্ষদে চূড়ান্ত অনুমোদন নিতে হতে পারে বলে জানা গেছে।ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সাধারণ নীতিমালা হচ্ছে, আগের বছর যারা ঋণ নিয়ে ফেরত দিয়েছে, তাদের নতুন ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে নবায়নও ঋণ হিসেবে দেখা হচ্ছে। তবে কোনো খেলাপি প্রতিষ্ঠান যেন ঋণ না পায়, সে বিষয়ে কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলে ব্যাংকগুলো জানিয়েছে।পশুর ভালো মানের চামড়ার সিংহভাগ জোগান আসে কোরবানির পশু থেকে। কোরবানি করতে ধর্মপ্রাণ মুসলমানরা বাছাই করা পশু ক্রয় করে থাকেন। ফলে শিল্পের জন্য উন্নত মানের চামড়া কিনতে ব্যবসায়ীরাও এ সময় ব্যতিব্যস্ত থাকেন। এক হিসাবে জানা যায়, ট্যানারি শিল্পে বার্ষিক চামড়ার মোট চাহিদার ৮০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানি দেওয়া পশু থেকে। এ চামড়া অন্যান্য সময় সংগৃহীত পশুর চামড়া থেকে উন্নত মানের।