২০২১ সালের মধ্যে দেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ৫০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, চামড়া খাত ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। সরকারও একে সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়াকে ‘বর্ষ পণ্য’ (প্রোডাক্ট অব দ্য ইয়ার) ঘোষণা দিয়েছেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। চামড়া ও চামড়াজাত পণ্যকে ‘বর্ষ পণ্য’ ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিল্প ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং চামড়া খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এতে বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরে চামড়া খাতে রপ্তানি আয় হয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আগামী ১০ বছরে বাংলাদেশের চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্য বিশ্বের অন্যতম প্রতিযোগী পণ্যে পরিণত হবে। তিনি বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে অনেক ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে এখনো সরাতে পারেননি। যাঁরা নির্ধারিত সময়ে সরাতে ব্যর্থ হবেন, তাঁরা সমস্যায় পড়বেন। হাজারীবাগে সবকিছু বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণে এবার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। অভ্যন্তরীণ বাজার চাহিদা নির্ধারণ করা এবং কাঁচা চামড়া সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উৎসের সন্ধান করা হবে।
অনুষ্ঠানে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, শ্রমিকদের স্বার্থে পোশাক খাতের রপ্তানি আয়ের শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ হারে অর্থ কেটে রাখা হচ্ছে। চামড়া খাতেও একই ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারপারসন মাফরুহা সুলতানা, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।