চামড়া পাচারের আশঙ্কা ব্যবসায়ীদের, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ব্যবসায়ীরা প্রতিবেশী ভারতে চামড়া পাচারের আশঙ্কা করেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে চামড়া পাচার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।যশোর অঞ্চলের অন্যতম বৃহৎ চামড়ার মোকাম রাজারহাটে গতকাল শনিবার প্রায় নয় কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে। এটি ছিল রাজারহাটে কোরবানির ঈদের পরে দ্বিতীয় চামড়ার হাট, যেখানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা চামড়া কেনাবেচার জন্য এই মোকামে ভিড় করেন।বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল প্রথম আলোকে বলেন, গতকালের হাটে ৩০ হাজার গরু ও ৮০ হাজার ছাগলের চামড়া কেনাবেচা হয়েছে নয় কোটি টাকায়।জানা গেছে, গতকালের হাটে প্রতি ফুট ভালোমানের গরুর চামড়া ৭৫ থেকে ৮০ টাকা, আর নিম্নমানের চামড়া ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। এই হিসাবে বড় আকারের একটি গরুর চামড়ার দাম ওঠে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকা পর্যন্ত। আর প্রতি ফুট ভালো মানের ছাগলের চামড়া এ দিন বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা।সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে চামড়া বিক্রি করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ইয়াকুব আলী প্রথম আলোকে জানান, খরচ বাদে প্রতিটি গরুর চামড়ায় দুই শ থেকে আড়াই শ টাকা লাভ হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সরকার বা ঢাকার ট্যানারি মালিকেরা দাম নির্ধারণ করে না দেওয়ার কারণে এবার তাঁদের চরম সমস্যায় পড়তে হয়েছে।রাজারহাট চামড়া ব্যবসায়ী কল্যাণ সামতির সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, আগে থেকে দাম বেঁধে না দেওয়ার কারণে এবার চামড়া অনেক কম দামে বেচাকেনা হচ্ছে। এতে ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অবশ্য চামড়া পাচার রোধের ব্যাপারে ঈদের আগের দিন সার্কিট হাউসে ইজারাদার ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, চামড়া যাতে পাচার না হয় সে জন্য হাট ইজারাদারকে ক্রয়কৃত চামড়ার সংখ্যা ও গন্তব্য ইত্যাদি লিখে চালান দিতে হবে। এ ছাড়া বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তের দিকে চামড়া বোঝাই কোনো ট্রাক যাতে না যায়, সে জন্য টহল পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।এ ছাড়া চামড়ার হাটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের টহল দল মোতায়েনের কথা বলা হয়েছে। তবে গতকাল চামড়ার মোকামে র‌্যাব ও পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। এ প্রসঙ্গে আলাউদ্দীন মুকুল বলেন, পুলিশের টহল জোরদার না হলে চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, বাংলাদেশের চামড়ার মান অনেক উন্নত বলে সীমান্তে বেশি দামে তা বেচাকেনা হচ্ছে।