চামড়া শিল্পনগরে শোধনাগার নির্মাণ নিয়ে আবার জটিলতা
সাভারের চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্ট (সিইটিপি) স্থাপন-প্রক্রিয়া নিয়ে আবার জটিলতা দেখা দিয়েছে।সূত্র জানায়, প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগ এনে সিইটিপির নির্মাণকাজে সাড়া দেওয়া দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ভারতীয় একটি প্রতিষ্ঠান সম্প্রতি উচ্চ আদালতে রিট আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর হাইকোর্ট দরপত্রের কার্যাদেশ প্রদানের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।তবে মন্ত্রণালয়ের পরামর্শ অনুসারে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গতকালই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে। আজ বৃহস্পতিবার এই আপিল আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। ২০০৯ সালে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মামলা করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। আদালত পরে ২০১০ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন। এর মধ্যে কাজ শেষ করতে না পেরে শিল্প মন্ত্রণালয় আদালতে কয়েক দফা সময় চেয়ে আবেদন করলে সে সময় দেওয়া হয়।উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সিইটিপি স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ৪৭৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে এ প্ল্যান্টটি স্থাপন করে দেবে চীনা কোম্পানি জেএলইপিসিএল-ডিসিএলজেভি জয়েন্ট ভেঞ্চার লিমিটেড।‘চামড়া শিল্পনগরী, ঢাকা’ শীর্ষক প্রকল্পের আওতায় সাভারে সিইটিপি নির্মাণ করা হচ্ছে। বিসিক এর বাস্তবায়নকারী সংস্থা।জানা গেছে, নানা যাচাই-বাছাই সম্পন্ন করে একটি চীনা ও একটি ভারতীয় প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়। এরপর শিল্প মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি কমিটি ৫ থেকে ১১ সেপ্টেম্বর ভারত ও চীনে গিয়ে প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করে। কমিটির প্রতিবেদনে চীনা প্রতিষ্ঠানের প্ল্যান্ট নির্মাণে কম জায়গা, কম জনবল ও কম রাসায়নিকের প্রয়োজন হবে এবং প্ল্যান্ট নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিষ্ঠানটি নিজেই তৈরি করে বলে জানানো হয়। এরপর চীনা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর পরই ভিএ টেক ওয়াবাগ কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিইউটি) কাছে এটি রিভিও পিটিশন করে। তাতে অভিযোগ করা হয়, শোধনাগার নির্মাণের দায়িত্ব পাওয়া চীনা প্রতিষ্ঠান তাদের দরপত্রের প্রাথমিক জমার অর্থ (বিড মানি) এসডব্লিউএফটি পদ্ধতিতে পাঠিয়েছে, যা কোনোভাবেই আদায়যোগ্য নয়।সিপিইউটি তাদের মূল্যায়নে এ অভিযোগ কিছুটা সমর্থন করে যে অর্থ আদায় করতে সমস্যার মুখে পড়তে হতে পারে।জানা গেছে, এর পরই ভারতীয় ওই প্রতিষ্ঠান হাইকোর্টে রিট আবেদনটি করে।তবে শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, চীনা প্রতিষ্ঠানটি সরাসরি অর্থ না দিয়ে এসডব্লিউএফটি পদ্ধতিতে সে দেশের সাইহাং পুডং ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ২০ লাখ ডলারের বিড মানির নিশ্চয়তা দেয়। দরপত্রের ক্ষেত্রে এসডব্লিউএফটি স্বীকৃত পদ্ধতি। বাংলাদেশে সাইহাং পুডং ডেভেলপমেন্টের সংশ্লিষ্ট ব্যাংকের দায়িত্ব পালন করছে ইসলামী ব্যাংক।ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য লিখিতভাবে জানায়, বিসিক যথাযথ দাবি উত্থাপন করলে ব্যাংক নগদায়নের বিষয়ে ভূমিকা পালন করবে।এসব বিষয়ে যোগাযোগ করা হলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটি প্রধানমন্ত্রীরও অগ্রাধিকার প্রকল্প। আবার ইউরোপের দেশগুলোর হুমকি রয়েছে। এসব বাধ্যবাধকতার কারণে আমরা দ্রুত সিইটিপি নির্মাণের কাজটি করছি। এ ক্ষেত্রে যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা নির্বাচন, তা ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনও হয়েছে।’বড়ুয়া আরও বলেন, ‘আমরা আশা করি, আদালতে বিষয়টির ন্যায়সংগত সুরাহা হবে।’