চামড়ানগরের কেন্দ্রীয় শোধনাগার নির্মাণের দরপ্রস্তাব অনুমোদিত
চামড়াশিল্পের বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্ট (সিইটিপি) স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।‘চামড়াশিল্প নগরী, ঢাকা’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজধানীর সাভারে এই কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর বাস্তবায়নকারী সংস্থা। ৪৭৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এই প্লান্ট স্থাপন করে দেবে চীনা কোম্পানি জেএলইপিসিএল-ডিসিএলজেভি জয়েন্ট ভেঞ্চার লিমিটেড।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে দেশের অর্থনীতির সার্বিক অবস্থার ওপর অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।’ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী, সিইটিপি প্লান্ট ছাড়া ২০১৪ সালের পর কোনো দেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারবে না।প্রসঙ্গত, ২০০৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি প্রথম অনুমোদন দেওয়া হয়। তখন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৭৫ কোটি টাকা। ২০০৭ সালে ব্যয় বাড়িয়ে ৫৪৫ কোটি টাকায় উন্নীত করা হলেও কাজ আর শুরু হয়নি। ২০০৯ সালে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মামলা করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। আদালত পরে ২০১০ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার রায় দেন। এর মধ্যে কাজ শেষ করতে না পেরে শিল্প মন্ত্রণালয় আদালতে কয়েক দফা সময় চেয়ে আবেদন করলে সময় দেওয়া হয়। শেষ পর্যন্ত গতকাল এর দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়।যোগাযোগ করলে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইটিপি করার ব্যাপার আদালতের নির্দেশ থাকায় সরকারকে তা মানতেই হবে। কিন্তু এর আগে কয়েক দফা সময় বাড়িয়ে নিয়েও সরকার কাজটি আর করেনি। তবে এবার তা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।আরও দরপ্রস্তাব অনুমোদিত: বৈঠকে আরও কয়েকটি দরপ্রস্তাব অনুমোদন হয়। এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৩০ দশমিক ৯৫৬ কিলোমিটার সড়কের জরুরি মেরামত কাজের অতিরিক্ত কার্যাদেশ যার ব্যয় ২৭ কোটি ৩৭ লাখ টাকা।এ ছাড়া কাতার থেকে ৬১ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার টন ইউরিয়া সার, আবুধাবি থেকে চার হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানি, উত্তরা আবাসিক শহর (তৃতীয় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ ও ৬ নম্বর সেতু নির্মাণ, এক হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা আধুনিকায়ন প্রকল্প এবং উপজেলা পর্যায়ে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার স্থাপনের পরামর্শক নিয়োগের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।