চামড়ার জন্য ৩৭০ কোটি টাকার ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবার ব্যবসায়ীদের প্রায় ৩৭০ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত বছর এই ব্যাংকগুলো এ খাতে ঋণ দিয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকা। তবে এসব ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক এ খাতে শাখা পর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চামড়া খাতে এখন তাদের তিনটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান রয়েছে। এ বছর ব্যাংক ৬৬ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, একসময় চামড়া খাতে এই ব্যাংকের অনেক ঋণগ্রহীতা ছিল। অর্থ পরিশোধ না করায় এখনো কিছু মামলা চলছে। কিছু গ্রহীতার সুদ মওকুফ করে তাদের আর ঋণ দেওয়া হয় না। গত বছরও ব্যাংকটি এ খাতে প্রায় একই পরিমাণ ঋণ দিয়েছিল। জনতা ব্যাংক এবার ২২টি প্রতিষ্ঠানকে ১৭০ কোটি টাকা দিচ্ছে বলে জানা গেছে। আগের বার দিয়েছিল ১৫০ কোটি।অগ্রণী ব্যাংক গতবার চামড়া ক্রয়ে দিয়েছিল ৮০ কোটি টাকা ঋণ। এবার দিচ্ছে ১০২ কোটি টাকা। রূপালী ব্যাংক গতকাল পর্যন্ত ৩২ কোটি ৫০ লাখ টাকার চামড়া ঋণ অনুমোদন করেছে। আজকালের মধ্যে আরও ১৬ কোটি টাকা অনুমোদন হতে পারে বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে। গত বছর এ খাতে ব্যাংকটির ঋণ ছিল ৫০ কোটি টাকা। রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে ইতিমধ্যে কিছু ক্ষেত্রে ঋণ অনুমোদন হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে পরিচালনা পর্ষদে চূড়ান্ত অনুমোদন নিতে হতে পারে বলে জানা গেছে। ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সাধারণ নীতিমালা হচ্ছে, আগের বছর যারা ঋণ নিয়ে ফেরত দিয়েছে, তাদের নতুন ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে নবায়নও ঋণ হিসেবে দেখা হচ্ছে। তবে কোনো খেলাপি প্রতিষ্ঠান যেন ঋণ না পায়, সে বিষয়ে কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলে ব্যাংকগুলো জানিয়েছে।তবে তথ্যমতে, চামড়া খাতে ৪০০ কোটি টাকার মতো খেলাপি ঋণ রয়েছে। যার বেশির ভাগই বিতরণ করা হয়েছিল নব্বইয়ের দশকের প্রথম ভাগে। বর্তমানে এ খাতে ঋণ আদায়ের হার আগের তুলনায় ভালো।