চামড়ার দর আগে ঠিক করতে হবে
কোরবানিতে জবাই হওয়া পশুর চামড়ার দাম নির্ধারণ না হওয়ায় গত দুই বছর চামড়া সংগ্রহ নিয়ে বেশ জটিলতা হয়েছে। সে কারণে চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতাদের ডেকে এবার চামড়ার দাম নির্ধারণ করতে বলে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় চামড়ার দাম নির্ধারণের এমন নির্দেশনা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে চামড়া খাতের ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ১২ অক্টোবর তিন সংগঠন আলোচনায় বসে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মূর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য দুই অতিরিক্ত বাণিজ্যসচিব রুহুল আমীন সরকার ও মনোজ কুমার রায় এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল হোসেন, ট্যানারির মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন প্রমুখ।
সভা শেষে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সংগতিহীন দর নির্ধারিত হলে চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এ মনোভাব মতবিনিময় সভার আগে বাণিজ্যমন্ত্রী তিন অতিরিক্ত সচিবকে জানিয়ে দেন, যা ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্যমূল্য চান বাণিজ্যমন্ত্রী। কৃত্রিম উপায়ে চামড়ার দর কমিয়ে নির্ধারণ করলে মন্ত্রী চামড়া রপ্তানির সুযোগ তৈরি করবেন।
বিশ্ববাজারে চামড়ার দরপতনের অজুহাত দেখিয়ে গত দুই বছর কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করেনি সংশ্লিষ্ট তিন সংগঠন। সর্বশেষ ২০১০ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫৫ থেকে ৬০ টাকা, খাসির চামড়া ২৫ থেকে ৩০ এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ঢাকার বাইরে গরুর চামড়া ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়।
তবে এবার দাম নির্ধারণের পক্ষে সংশ্লিষ্ট সংগঠনগুলোও। এ নিয়ে কয়েক দফা নিজেদের মধ্যে আলোচনাও করেছেন ব্যবসায়ীরা। সর্বশেষ গতকাল সন্ধ্যায়ও ধানমন্ডিতে একটি সংগঠনের কার্যালয়ে তাঁরা আলোচনায় বসেন।
বৈঠকের মধ্য থেকেই বিটিএর সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন সংগঠনের নেতারা দাম নির্ধারণসহ কিছু বিষয়ে আলোচনায় বসেছি। ১২ অক্টোবর আবারও বসব। ওই দিন দাম নির্ধারণ হবে।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে, ১০ শতাংশ রোজার ঈদে এবং শবে বরাত ও কালী পূজার সময় ২ শতাংশ করে পাওয়া যায়। বাকিটা আসে সারা বছরের জবাই করা পশু থেকে। আর চামড়া-সংশ্লিষ্ট তিন সংগঠনের মতে, সারা বছর যত চামড়া সংগ্রহিত হয়, তার অর্ধেক আসে ঈদুল আজহার সময় কোরবানি করা পশু থেকে।
প্রাথমিকভাবে এবার কোরবানির ঈদে জবাই হওয়া পশু থেকে ৬০ থেকে ৬৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে ৩৫ লাখ গরু ও ৩০ লাখ খাসি-বকরির চামড়া।
কাঁচা চামড়া কেনাবেচার বড় পাইকারি বাজার রাজধানীর চকবাজারের পোস্তা। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদের এক মাস আগ থেকেই পোস্তায় চামড়া বিক্রি প্রায় বন্ধ রয়েছে। সীমিত পরিসরে কেনা হচ্ছে।
আড়তদারেরা জানান, গত মৌসুমের পুরোটা সময় ভালো মানের প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা, মাঝারি মানের ৮০ এবং নিম্নমানের চামড়া ৭০ টাকায় বিক্রি হয়েছে। খাসির চামড়া প্রতি বর্গফুট ৬০ টাকা এবং বকরির চামড়া ৫০ টাকায় বিক্রি হয়েছে। আর মহিষের চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ টাকা।