চামড়ার দাম এবার বাজারের হাতে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির গরু, খাসি ও বকরির চামড়া কেনার ক্ষেত্রে কোনো নির্ধারিত দর থাকছে না। দর নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা চামড়াশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ট্যানারি মালিক, চামড়া প্রক্রিয়াজাতকারী ব্যবসায়ী ও আড়তদারেরা গতকাল সোমবার এমন সিদ্ধান্তই নিয়েছেন।অন্য বছরগুলোতে কোরবানির ঈদের অন্তত এক সপ্তাহ আগে গরু-ছাগলের চামড়া কেনার দর নির্ধারণ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিনটি সমিতি। এগুলো হলো: ট্যানারি মালিকদের সমিতি (বিটিএ), বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) এবং আড়তদারদের সমিতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন।দাম নির্ধারণের জন্য গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে একটি সমিতির কার্যালয়ে সভায় বসেন সমিতিগুলোর নেতারা। কিন্তু সভায় চামড়ার দর নির্ধারণ না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়া কেনার সিদ্ধান্ত হয়েছে। দাম যতটুকু নিয়ন্ত্রণে রেখে চামড়া কেনা যায়, সে লক্ষ্যে মাঠপর্যায়ের চামড়া ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। দর নির্ধারণ না করায় এবারের ঈদে চামড়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে কি না জানতে চাইলে বিটিএর সভাপতি শাহীন আহমেদ এবং বিএফএলএলএফইএ সভাপতি বেলাল আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, এ নিয়ে কোনো বিশৃঙ্খলা হবে না।কেন দর নয়: এবার ঈদে চামড়ার দর নির্ধারণ না হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে চামড়ার অব্যাহত দরপতনকে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, এখন দর নির্ধারণ করা হলেও ঈদের সময় যদি আন্তর্জাতিক দর আরও কমে যায়, তখন তাঁদের অনেক লোকসান দিতে হবে।বিটিএর সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দর কমে যাওয়ায় তাঁদের চামড়ার আদেশ (অর্ডার) কমে গেছে। দর আরও কমতে পারে। এ অবস্থায় আমরা কোনো দর নির্ধারণ করতে পারছি না।’বিএফএলএলএফইএর সভাপতি বেলাল আহমেদ বলেন, ‘আমরা নিজেরাই বুঝতে পারছি না কত টাকায় কিনলে আমাদের পোষাবে। এটা পুরোপুরি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করছে।’গত বছর ঢাকায় গরুর চামড়ার দর প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ ও বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ঢাকার বাইরে গরুর চামড়া ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়।তবে মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারেরা নির্ধারিত দরের চেয়ে বেশি দামে কোরবানির পশুর চামড়া কেনায় দেখা দেয় সংকট। ট্যানারি মালিকেরা তখন বেশি দরে চামড়া কিনতে চাননি। বরং কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখেন। পরে অবশ্য গরুর চামড়া প্রতি বর্গফুট ৬৫ থেকে ৭০ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।দেশে-বিদেশে হাল: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয় ৩৫ কোটি ৩০ লাখ ডলার।তবে গত তিন মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি হয়নি। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে নয় কোটি ২৮ লাখ ডলার। এটি এই সময়কালের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ কম।চামড়াশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে দুই মাস ধরে চামড়ার দাম কমছে। দুই মাস আগে এ দেশের ব্যবসায়ীরা প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া দুই ডলার ২০ সেন্টে বিক্রি করতেন। কিন্তু এখন এর দর নেমে গেছে এক ডলার ৮০ সেন্ট থেকে এক ডলার ৯০ সেন্টে।ইউরোপ ও আমেরিকায় মন্দার কারণেই কার্যাদেশ কমে গেছে উল্লেখ করে ট্যানারি মালিকেরা জানান, একই কারণে গত কয়েক মাসে ইউরোপের ক্রেতারা অন্তত ১২টি কার্যাদেশ বাতিল করেছেন। শাহীন আহমেদ বলেন, ‘আমার একজন ক্রেতাই এক মিলিয়ন বর্গফুট চামড়ার অর্ডার দিতেন। কিন্তু এবার তিনি এক বর্গফুটও অর্ডার দেননি।’বিএফএলএলএফইএর সভাপতি বেলাল আহমেদ বলেন, ‘চামড়াজাত পণ্যগুলো হচ্ছে ফ্যাশনের পণ্য। আমি ফ্যাশন কখন করব, যখন আমার হাতে টাকা থাকে। আমাদের চামড়াজাত পণ্যের বাজার হচ্ছে ইউরোপ ও আমেরিকায়। মন্দার কারণে সেখানকার মানুষের হাতে এখন টাকা নেই। তাই আগে যে ব্যক্তি চার জোড়া জুতা পরত, এখন পরছে দুই জোড়া। চাহিদা কমে যাওয়ায় অর্ডার কমে গেছে।’ বর্তমানে বাজারে ভালো মানের প্রতি বর্গফুট চামড়া ৫০ থেকে ৫৫, মাঝারি মানের চামড়া ৪৫ থেকে ৫০ ও নিম্ন মানের চামড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।