নানা কারণে এবার চামড়ার দাম আগের বছরের তুলনায় কমেছে। কম দামের জন্য একে অপরের ঘাড়ে দায় চাপান ট্যানারির মালিক, পাইকারি, ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজার ছিল মন্দা
পবিত্র ঈদুল আজহায় কোরবানি হওয়া পশুর চামড়ার বাজারে এবারও ছিল মন্দা ভাব। বিভিন্ন পাড়া, মহল্লা থেকে কম দামে চামড়া কিনেছেন স্থানীয় পর্যায়ের মৌসুমি ব্যবসায়ীরা। পরে তাঁদের কাছ থেকে সেসব চামড়া কম দামে কিনেছেন পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা। অবশ্য পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের দাবি, মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে তাঁরা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনেছেন।
এদিকে, রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়া হলেও এবারও চামড়া ঢুকেছে হাজারীবাগের ছোট ছোট বেশ কিছু ট্যানারিতে। হাজারীবাগের একাধিক ট্যানারির মালিক জানিয়েছেন, শুধু লবণ মেশানোর জন্য সীমিত পর্যায়ে কিছু চামড়া হাজারীবাগে ঢুকেছে অল্প কয়েক দিনের জন্য। লবণ মিশিয়ে সেসব চামড়া সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তর করা হবে। চামড়ার পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং আড়তদার সমিতির নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীদের মধ্যে চামড়ার দামের চেয়ে লবণের দাম নিয়ে বেশি ক্ষোভ দেখা গেছে। তাঁদের মতে, বাজারে লবণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ কারণে চামড়া প্রক্রিয়াজাতে খরচও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিটি গরুর চামড়া সংরক্ষণে ৮ থেকে ১০ কেজি লবণ লাগে।
তবে এ বছর চামড়ার কম দামের জন্য বেশ কিছু কারণ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের কারণে বেশ কিছু ট্যানারি বন্ধ হয়ে গেছে। তাই ট্যানারির মালিকদের অনেকে চামড়া কেনাকাটার বকেয়া পরিশোধ করেননি। এ ছাড়া লবণের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। এসব কারণে এবার চামড়ার দাম আগের বছরের তুলনায় কমেছে। কম দামের জন্য একে অপরের ঘাড়ে দায় চাপান ট্যানারির মালিক, পাইকারি, ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা।
রাজধানীর কাঁচা চামড়ার পাইকারি আড়ত লালবাগ ও আমিনবাজারে গতকাল সোমবারও কম দামে চামড়া বেচাকেনার খবর পাওয়া গেছে। এসব এলাকার আড়তে ৫ থেকে ৭ বর্গফুটের ছোট গরুর চামড়া ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। গত বছর যার দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। তা ছাড়া গত বছর ১৪ থেকে ১৫ বর্গফুটের প্রতিটি গরুর চামড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও এবার দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। এর বাইরে ২০ থেকে ২২ বর্গফুটের প্রতিটি চামড়ার এবারের দাম ছিল ৯০০ থেকে ১ হাজার টাকা। গত বছর যা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে ঢাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১৫ টাকা (প্রতি বর্গফুটে) কম দামে চামড়া বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
চামড়া আড়তদার সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সরকারের বেঁধে দেওয়া ৫০ থেকে ৫৫ টাকা বর্গফুট দামে চামড়া সংগ্রহ করেছেন তাঁরা। তবে লবণ, জনবল ও অন্যান্য খরচ যোগ করে প্রতি বর্গফুট চামড়া সংরক্ষণে তাঁদের খরচ পড়েছে ৭০ থেকে ৭৫ টাকা।
ঢাকার আমিনবাজারকেন্দ্রিক ব্যবসায়ী ও ঢাকা চামড়া ব্যবসায়ী সমিতির নেতা রবিউল আলম বলেন, ‘পাড়া, মহল্লা থেকে যেসব মৌসুমি ব্যবসায়ী চামড়া সংগ্রহ করেছেন, তাঁরা কিছুটা কম দামে চামড়া কিনতে পেরেছেন। আমাদের কিনতে হয়েছে সরকার নির্ধারিত দামেই। আকারভেদে ভালো মানের প্রতিটি চামড়া ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায় কিনতে হয়েছে।’
রবিউল আলম আরও জানান, এবার সারা দেশে প্রায় সোয়া কোটি চামড়া পাওয়া গেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া প্রায় ৫৫ লাখ এবং ছাগল ও ভেড়ার চামড়া প্রায় ৭০ লাখ পিস।
সরকার এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করে দেয়। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয় ৪০ থেকে ৪৫ টাকা। এ ছাড়া সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা বেঁধে দেওয়া হয়।
চামড়া আড়তদার সমিতির সাধারণ সম্পাদক বলেন, প্রতি বস্তা লবণে ৩০০ থেকে ৫০০ টাকা বাড়তি দাম গুনতে হয়েছে তাঁদের। স্বাভাবিক সময়ে যেখানে প্রতি বস্তা (৭২ কেজি) লবণ ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে, সেই একই বস্তা লবণের দাম ঈদের আগে ১ হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত উঠেছে। গত বছরও লবণ নিয়ে একধরনের সমস্যায় পড়তে হয় বলে চামড়া ব্যবসায়ীরা জানান। সারা দেশে কোরবানির ঈদের চামড়া প্রক্রিয়াজাতের জন্য প্রায় আড়াই লাখ মেট্রিক টন লবণ লাগে।
এদিকে, রাজধানীর হাজারীবাগে সীমিত পর্যায়ে সীমিত সময়ের জন্য চামড়া প্রক্রিয়াজাতের এ সুবিধা দেওয়া হলেও তা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা হাইড অ্যান্ড স্ক্রিন লিমিটেডের পরিচালক খোকন ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, চামড়ার শেষ গন্তব্য হেমায়েতপুরে। সেখানে সীমিত সময়ের জন্য হাজারীবাগে চামড়া ঢোকার সুযোগ দেওয়া ঠিক হয়নি। সীমিত সময়ের জন্য সুযোগ দেওয়া হলেও তা দীর্ঘায়িত হতে পারে।
গতকাল সোমবার হাজারীবাগে গিয়ে দেখা যায়, সেখানকার বড় ট্যানারিগুলো বন্ধ। ছোট ছোট কিছু ট্যানারিতে চামড়ায় লবণ মিশিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে আগের মতো সেখানে তেমন কোনো কর্মব্যস্ততা নেই। ‘চাইনিজ ট্যানারি’তে গিয়ে কথা হয় চামড়া ব্যবসায়ী গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এবার ৫০ ভাগ চামড়া হাজারীবাগে আসছে। ঈদের এক দিন আগে জানতে পারি, এখানে চামড়ায় লবণ দিতে পারব। পাঁচ-সাত দিন রাখা হবে। এরপর এগুলো চলে যাবে হেমায়েতপুরে।’ তিনি বলেন, হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে যাওয়ার সড়কের অবস্থা খারাপ এবং নিষ্কাশনব্যবস্থাও পুরোপুরি ঠিক হয়নি।