চামড়ার যৌক্তিক দর নির্ধারণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে জবাই হওয়া পশুর চামড়ার দাম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যৌক্তিকভাবে নির্ধারণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চামড়া ব্যবসায়ী ও ট্যানারির মালিকদের নিয়ে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দাম যৌক্তিক না হলে চামড়া পাচার হওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে চামড়া ব্যবসায়ীরা বলেছেন, আগামীকাল বুধবার বিকেলে বৈঠক করে তাঁরা চামড়ার দাম নির্ধারণ করবেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরের দিন দর ঘোষণা করা হবে।

বৈঠকে ট্যানারির মালিকদের দুই সমিতি এবং চামড়া ও মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় চামড়ার পাশাপাশি লবণের দর, কোরবানির জন্য পশুর সরবরাহ পরিস্থিতি আলোচনায় আসে।

এদিকে, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক সামনে রেখে গতকাল বিভিন্ন পত্রিকায় চামড়ার দাম কমিয়ে ধরা হবে বলে সংবাদ প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা গত বছরের তুলনায় ৪০ শতাংশ কম দাম নির্ধারণ করে চলতি বছর চামড়া কেনার যে প্রস্তুতি নিতে যাচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। এটি কোনোভাবেই মানা যাবে না। তিনি বলেন, যদি অযৌক্তিক দাম নির্ধারণ করা হয়, তাহলে পাশের দেশে চামড়া পাচার হয়ে যাবে, যা কোনোভাবে ঠেকানো যাবে না। তাই চামড়া নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না।

তোফায়েল আহমেদ এমনভাবে চামড়ার দাম নির্ধারণের পরামর্শ দেন, যাতে সাধারণ মানুষ ন্যায্য দাম পায়; পাশাপাশি বিক্রেতা, ব্যবসায়ী ও ট্যানারি মালিকেরাও ক্ষতিগ্রস্ত না হন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, প্রতি বছরই মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার বাজার অস্থিতিশীল করেন। এ কারণে চামড়ার মূল্য নির্ধারণ করা হচ্ছে। এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দর ঠিক করা হবে।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে আগামী তিন মাস হাজারীবাগে ট্যানারি চালু রাখার সুযোগ দেওয়ার দাবি জানান।

লবণের দাম নিয়ে উদ্বেগ: ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রায় সোয়া লাখ টন লবণের প্রয়োজন হয়। এ বছর প্রতি বস্তা (৭৪ কেজি) লবণের দাম ১ হাজার ৪০০ টাকায় উঠেছে, যা গত বছর ছিল ৫০০ টাকার কাছাকাছি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন লবণের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চড়া দামের কারণে চামড়ায় লবণ কম দিলে তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে লবণের দাম সহনীয় পর্যায়ে আনতে হবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল ইসলাম বলেন, কোরবানির পশুর প্রতিটি চামড়ায় লবণ দিতে ৩০০ টাকা করে খরচ হবে। এরপরে ৪০০ টাকা দাম দেওয়া হলে বেশির ভাগ চামড়াই ভারতে পাচার হয়ে যাবে।

এ বিষয়ে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, লবণের দাম সহনীয় রাখতে আমদানি করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যেই আমদানির জন্য ঋণপত্র খোলা শুরু হবে।

পশুর সংকট হবে না: এবার ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য পশুর কোনো সংকট হবে না বলেও বৈঠকে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভারতের গরু আসা বন্ধের পর বাংলাদেশে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর ঈদুল আজহায় বিক্রয়যোগ্য পশুর সংখ্যা ছিল ৯৬ লাখ ৩৫ হাজার। এ বছর তা বেড়ে ১ কোটি ৪ লাখ হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব পশু স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। ফলে পশুসংকটের কোনো আশঙ্কা নেই।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, অতিরিক্ত সচিব (আমদানি) মুন্সী সফিউল হক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজিবি, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।