চামড়াশিল্পে সহজ শর্তে ঋণ চাই

প্রথম আলো: সাভারে চামড়া শিল্পনগরে হাজারীবাগের ট্যানারিগুলো স্থানান্তরে কতটুকু অগ্রগতি হলো?
আবু তাহের: সরকার সাভারে শিল্পনগর করছে, ট্যানারি মালিকেরাও সেখানে যেতে আগ্রহী। কিন্তু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ না হওয়ার কারণে এত দিন হাজারীবাগের ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া আটকে ছিল। এখন এর কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। এর মধ্যে সিইটিপির প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে শুনেছি। আগামী বছরের মার্চে এর কাজ শেষ হওয়ার কথা। আর জুনে সেখানে অপারেশন শুরু হবে। অনেক প্রতিষ্ঠানই সাভারে তাদের ট্যানারি ও কারখানা স্থানান্তরের কাজ শুরু করেছে। ১৫-২০টি কারখানার পাইলিংয়ের কাজ প্রায় শেষের দিকে।
প্রথম আলো: আপনাদের তো বড় দাবি ক্ষতিপূরণ। ঈদের আগে তো এক কিস্তি দেওয়ারও কথা ছিল। সর্বশেষ অবস্থা কী?
আবু তাহের: সরকারের সঙ্গে আমাদের যেসব ঝামেলা ছিল তা মোটামুটিভাবে সবগুলোই মিটে গেছে। ক্ষতিপূরণের বিষয়টিরও মীমাংসা হয়েছে। ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সরকারের। ঈদের আগেও এক কিস্তিতে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, এখনো প্রয়োজনীয় প্রস্তুতি (পেপার ওয়ার্ক) শেষ করতে পারেনি তারা। ক্ষতিপূরণ নিয়েও আমাদের আপত্তি আছে। সাভারে ট্যানারি স্থানান্তর করতে অনেক প্রতিষ্ঠানেরই ১০০ কোটি টাকার বেশি খরচ হচ্ছে। কিন্তু সরকার ১৫৫টি ট্যানারিকে ক্ষতিপূরণ দেবে মাত্র ২৫০ কোটি টাকা।
প্রথম আলো: দেশে পাদুকাশিল্প তো দ্রুত বাড়ছে। এর সম্ভাবনা কেমন?
আবু তাহের: পাদুকাশিল্পের অবস্থা এখন ভালো। এই শিল্প বেশ সম্ভাবনাময়। বহু প্রতিষ্ঠানই এখন তাদের শোরুম বাড়াচ্ছে। বিভিন্ন পর্যায়ের মানুষের লক্ষ্য রেখে এখন পাদুকা তৈরি হচ্ছে। এ সম্ভাবনার কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও এ দেশে পাদুকা প্রস্তুতে এগিয়ে এসেছে। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ইয়াংওয়ান একটি বিশাল কারখানা করেছে।
প্রথম আলো: চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের জন্য সরকারের কী সহায়তা চান?
আবু তাহের: বিশ্বব্যাপী চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকার বাজার ২২ হাজার কোটি ডলারের। এর মধ্যে ৬৫ শতাংশই চীনের দখলে। চীনের বাজার আরও বড় ছিল। তাদের বাজারের একটি অংশ চলে গেছে ভিয়েতনাম এবং কম্বোডিয়ায়। বিশ্ববাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বাজার ১ শতাংশেরও কম। কিন্তু এটা দ্রুত বাড়ছে। আরও বাড়ানো সম্ভব। কিন্তু এটা তো এমনি এমনি হবে না। আমাদের এখন সহজ শর্তে ঋণ (সফট লোন) দরকার। আমরা এখন সাভারে কারখানা ভবন নির্মাণ করছি। বিদ্যমান যন্ত্রপাতির অনেকগুলোই সেখানে স্থাপন করা যাবে না। ফলে নতুন করে যন্ত্রপাতি আমদানি করতে হবে। সে কারণেও ঋণ লাগবে। ১৮ থেকে ১৯ শতাংশ সুদে ব্যাংক ঋণ দিয়ে দেশের উন্নয়ন করা যাবে না। আমরা চাই, আমাদের ৫ শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হোক। এ ছাড়া আমাদের আর কোনো কিছুই দরকার নেই।
{সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত}