চার কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ বা ক্যারেজ উৎপাদন ব্যাহত হচ্ছে। কারণগুলো হচ্ছে অর্থ, লোকবল, সরঞ্জাম ও কারিগরি সংকট।
ফলে আগামী রোজার ঈদে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানা থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী কোচ সরবরাহ করা সম্ভব হবে না বলেই আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সম্পাদক রোবায়তুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জোড়াতালি দিয়েও কাজ এগিয়ে নেওয়া অসম্ভব। ঈদের আগে কারখানায় ৮৩টি কোচ মেরামত না-ও হতে পারে।’
আগামী ঈদে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৮৩টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে আছে ৬০টি ব্রডগেজ ও ২৩টি মিটারগেজ লাইনের কোচ। ৯ মে রেলমন্ত্রী মুজিবুল হক কারখানা পরিদর্শনে এসে যাত্রীসেবা নিশ্চিতে আরও বেশি কোচ মেরামতের নির্দেশ দেন।
চলতি অর্থবছরে এই কারখানার অনুকূলে ৩২ কোটি ৮৬ লাখ টাকা চাওয়া হলেও সরকার দিয়েছে ১৭ কোটি ৯৮ লাখ টাকা। এ ছাড়া কারখানার লোকবল সংকট রয়েছে। ৩ হাজার ১৮২টি পদের বিপরীতে আছেন ১ হাজার ৩৭০ জন। বর্তমানে এই কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিক নেই, তবে গত বছর ৮০ জন ছিল। নেই অতিরিক্ত কাজের জন্যÜ(ওভারটাইম) কোনো বরাদ্দ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন অবশ্য জানান, তাঁরা লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছেন এবং শ্রমিক-প্রকৌশলীরা উৎপাদন স্বাভাবিক রাখতে কাজ করছেন।
আহাম্মদ হোসেন বলেন, ‘আশা করছি কাঁচামাল ও অর্থ দ্রুত ছাড় হবে।’ তবে কারিগরি সমস্যার সমাধান শিগগির সম্ভব হবে কি না, তা জানাতে পারেননি তিনি।
সরেজমিনে দেখা যায়, কারখানার চারটি শপ বা উপকারখানায় কোচ দ্রুত স্থানান্তরের জন্য যে ট্রান্সফার টেবিলটি রয়েছে, তা অকেজো হয়ে পড়ে আছে। গত ১১ নভেম্বর জরাজীর্ণ এই যন্ত্রটি মেরামতের কাজ শুরু করে ভারতের এইচইসি লিমিটেড। ১৫ দিনের মধ্যে হস্তান্তরের কথা থাকলেও ছয় মাসেও তা হয়নি।
রেলওয়ে ট্রেড ইউনিয়ন শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, এ কারখানায় ক্যারেজ মেরামত কাজে কয়েক শ যন্ত্রাংশ প্রয়োজন হয়। এর মধ্যে বেশ কিছু আইটেম সৈয়দপুর কারখানায় উৎপাদন হলেও অধিকাংশই আমদানিনির্ভর।