দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্য সংশোধন হয়েছে। টানা চার কার্যদিবস সূচক বৃদ্ধির পর গতকাল এই মূল্য সংশোধন হলো।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৭২ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা কয়েক দিনের ঊর্ধ্বগতির পর বাজারের এই মূল্য সংশোধন খুবই স্বাভাবিক প্রবণতা।ডিএসইর নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথম সূচকের পতন ঘটেছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে ডিএসইর নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পরিচালকদের ভোটে সংস্থাটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর গত তিন কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক প্রায় ২২৬ পয়েন্ট বেড়েছে। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে গতকাল মূল্যসূচকের কিছুটা পতন ঘটেছে। তা সত্ত্বেও বাজারের লেনদেন পর্যালোচনায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসী মনোভাব দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে আত্মবিশ্বাসের এই প্রভাব ফুটে উঠেছে।এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ঘটলেও সূচকের নেতিবাচক প্রবণতার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে প্রকৌশল, বস্ত্র, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি এবং সাধারণ বিমা খাতের কোম্পানিগুলো। এর বাইরে সিমেন্ট খাতের কোম্পানিগুলো সূচকে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক কমলেও লেনদেনের শুরু থেকে তাতে বেশ উত্থান-পতন ছিল। বুধবার ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১২০ পয়েন্ট।ডিএসইর সাধারণ সূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে চার হাজার ৭০০ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৭৯ শতাংশ বা ২০৭টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম।লেনদেনের দিক থেকে গতকাল ঢাকার বাজারে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে: গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ারওয়েজ, কনফিডেন্স সিমেন্ট, এমজেএল বাংলাদেশ ও গোল্ডেন সন।এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৫৭৮ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮২ শতাংশ বা ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা কম।