চার কোম্পানির কাছেই এনবিআরের পাওনা প্রায় ৩১ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার আওতাধীন চারটি গ্যাস বিতরণ কোম্পানির কাছে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩০ হাজার ৮৫৮ কোটি টাকা পাওনা দাঁড়িয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে মূসক বাবদ আরও ২ হাজার ১৮ কোটি টাকার রাজস্ব পাওনা রয়েছে এনবিআরের।
গতকাল মঙ্গলবার এনবিআরের রাজস্বসংক্রান্ত সভায় এ চার প্রতিষ্ঠানের কাছে বকেয়ার চিত্র তুলে ধরা হয়। এনবিআরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় পেট্রোবাংলা ও বিপিসির কাছ থেকে বকেয়া আদায়ে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওনা আদায়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, কর অনিয়মে জড়িত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় প্রতিটি কর অঞ্চলের শীর্ষ ৫০ করদাতার বিগত তিন বছরের আয়কর প্রদানের গতি–প্রকৃতি বিশ্লেষণ করা হয়। প্রতিটি কর অঞ্চলে নিরীক্ষা কার্যক্রম জোরদার করার ওপরও জোর দেওয়া হয়।
এ ছাড়া ২১ ডিসেম্বর থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী আইন প্রয়োগ মাস পালন করছে এনবিআর। বকেয়া কর আদায়সহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৪৯ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআরের আয়কর, মূসক ও শুল্ক বিভাগ।