চার কোম্পানি অধিগ্রহণ করবে বেক্সিমকো
শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন চারটি কোম্পানি অধিগ্রহণ করতে যাচ্ছে বেক্সিমকো লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি নতুন শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারে তিন বছরের বিক্রয় নিষেধাজ্ঞা থাকবে। ১০ টাকা অভিহিত মূল্যে ইস্যু করা শেয়ারের সর্বমোট দাম নির্ধারণ করা হয়েছে আট কোটি ছয় লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। গতকাল মঙ্গলবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় বেক্সিমকো লিমিটেডের নতুন শেয়ার ইস্যু-সংক্রান্ত আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসইসি জানিয়েছে, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, বেক্সিমকো ফ্যাশনস, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন এবং ফ্রেশটেক্স বাংলাদেশ নামের চারটি কোম্পানির প্রায় শতভাগ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো।