চার কোম্পানি অধিগ্রহণ করল বেক্সিমকো
পুঁজিবাজারের তালিকাভুক্ত নয়, এমন চারটি কোম্পানি অধিগ্রহণ সম্পন্ন করেছে বেক্সিমকো লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন আট কোটি ছয় লাখ ২৮ হাজার ২০০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৬৩ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৯০ টাকায় দাঁড়াল। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।অধিগ্রহণ করা কোম্পানিগুলো হলো ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশনস লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড ও ফ্রেশটেক্স বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড।এসব কোম্পানি অধিগ্রহণের জন্য বেক্সিমকো ১০ টাকা ইস্যু মূল্যের ৮০ লাখ ৬২ হাজার ৮২০টি শেয়ার ইস্যু করেছে। এর আগে গত ২৭ মার্চ বেক্সিমকো লিমিটেডকে নতুন করে চারটি কোম্পানি অধিগ্রহণের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির অনুমোদন অনুযায়ী চারটি কোম্পানি অধিগ্রহণ সম্পন্ন করা হয় বলে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়।