এক ব্রোকারেজ হাউসকে পাঁচ লাখ টাকা জরিমানা
চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি খতিয়ে দেখবে বিএসইসির তদন্ত কমিটি
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং ও বঙ্গজ লিমিটেড।
উল্লেখিত চার কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কমিশন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
পাশাপাশি শেয়ার না থাকার পরও শেয়ার বিক্রির (শর্টসেল) দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য সালটা ক্যাপিটালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, সম্প্রতি চার কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি বিএসইসির নিজস্ব তদারকি ব্যবস্থায় (সার্ভিল্যান্স সিস্টেম) পরিলক্ষিত হয়েছে। তারই অংশ হিসেবে এই মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখতে কমিশনের উপপরিচালক শামসুর রহমান ও সহকারী পরিচালক রাকিবুর রহমানের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, সালটা ক্যাপিটাল চলতি বছরের ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিন দিনে ইস্টার্ন ব্যাংকের তিন লাখ শেয়ার শর্টসেল করে। যদিও তাদের হিসাবে ওই পরিমাণ শেয়ার ছিল না। বিএসইসির নিজস্ব তদারকি যন্ত্রে এই শর্টসেলের বিষয়টি ধরা পড়ে। এ কারণে সালটা ক্যাপিটালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
কমিশন বলছে, ডিএসইর (শর্টসেল) নিয়ন্ত্রণবিধি (রেগুলেশন) ২০০৫ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর কয়েকটি তফসিল লঙ্ঘন করেছে সালটা ক্যাপিটাল।
বাজার-পরিস্থিতি: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সামান্য মূল্য সংশোধন হয়েছে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৩২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। মূল্য সংশোধন হলেও এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। মঙ্গলবার ঢাকার বাজারে ৬৯০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। দুই স্টক এক্সচেঞ্জের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক দিনের ছুটি শেষে কাল বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন চলবে শেয়ারবাজারে।