চার খাতে সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রা অর্জনে তথ্যপ্রযুক্তি খাত ভবিষ্যতে তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাত খুবই সম্ভাবনাময়। আর তাই এই খাতে সহায়তা বৃদ্ধি করা হবে।
সচিবালয়ে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী।
শুধু তথ্যপ্রযুক্তি নয়, পোশাক খাতের মতো আরও চার খাতে সরকারি সহায়তা বাড়ানোর কথা জানান মন্ত্রী। খাতগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, চামড়া ও ওষুধ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চারটি খাতকে আমরা গুরুত্ব দিচ্ছি। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাত এতই সম্ভাবনাময় যে, ২০২১ সাল নাগাদ তা পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে।’ জাহাজ নির্মাণশিল্পও অনেক সম্ভাবনাময় বলে মনে করেন তিনি।
পোশাক খাতে বর্তমানে রপ্তানিতে নগদ সহায়তা, স্বল্প সুদে ঋণ নেওয়া ইত্যাদি সুবিধা দেওয়া হয়। এ খাত থেকে বর্তমানে বৈদেশিক মুদ্রা আয় হয় দুই হাজার ৫০০ কোটি ডলার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি খাত থেকে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক মিলে আয় হয় ২৮ কোটি ডলার।
বাণিজ্যমন্ত্রীর কথার সূত্র ধরে বেসিস সভাপতি শামীম আহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর কথা সত্যি সত্যিই ফলবে। তবে তার আগে কয়েকটি কাজ করা জরুরি। এগুলো হচ্ছে হাই-টেক পার্ক নির্মাণের কাজ শেষ করা, ইন্টারনেটের মূল্য কমানো, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ব্র্যান্ড অর্থাৎ ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে বরাদ্দ বৃদ্ধি।
শামীম আহসান বলেন, ২০২১ নয়, বরং ২০২৫ সালের মধ্যে পোশাক খাতের অর্ধেকও যদি আয় করা যায়, সেটাই হবে পোশাক খাতকে ছাড়িয়ে যাওয়া। কারণ, পোশাক খাতে ১০০ কোটি ডলার আয়ের সমান তথ্যপ্রযুক্তি খাতের ১০ কোটি ডলার। পোশাক খাতে মূল্য সংযোজন হয় ২০-৩০ শতাংশ, আর তথ্যপ্রযুক্তিতে শতভাগ।
যুক্তরাজ্য বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তোফায়েল বলেন, দেশটি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চায়। এর পাশাপাশি বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও রপ্তানি পণ্য বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
রবার্ট গিবসন বলেন, বৈঠকে শুধু বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নয়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে ২৯১ কোটি ৭০ লাখ ডলারের পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করেছে বাংলাদেশ। একই অর্থবছরে দেশটি থেকে আমদানি হয়েছে ৪০ কোটি ৪০ লাখ ডলারের পণ্য।