চার দশকেও চালু হয়নি চৌঘাট কাস্টম করিডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও গত চার দশকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট সীমান্ত এলাকায় বহুল প্রত্যাশিত কাস্টম করিডরটি চালু হয়নি।অতীতে ক্ষমতাসীন ও সাবেক প্রধানমন্ত্রী এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এই করিডর চালুর প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সে জন্য ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ ও জনপ্রতিনিধিরা শিগগির করিডরটি চালুর দাবি জানিয়েছেন। ধামইরহাটের চৌঘাটে কাস্টম করিডর চালু হলে দুই দেশের মধ্যে মালামাল আনা-নেওয়া ও লোকজনের চলাচল সহজতর হতো। কারণ ওই জায়গা থেকে বাংলাদেশের ধামইরহাট ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। ধামইরহাট উপজেলা সদর থেকে ভারতের বালুরঘাট শহর পর্যন্ত ব্রিটিশ আমলে গড়ে ওঠা সড়কটি এখনো আছে। তা ছাড়া ওই সীমান্তে পাকিস্তান আমলে চৌঘাটে একটি চেকপোস্ট চালু ছিল, যা ১৯৭৩ সালে ভারত সরকার বন্ধ করে দেয় এবং আজও চালু হয়নি।২০০১ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া স্থানীয় ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় চৌঘাটে পূর্ণাঙ্গ কাস্টম করিডর স্থাপনের প্রতিশ্রুতি দেন। এর আগে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাপাহার উপজেলার খঞ্জনপুর আশ্রয়ন প্রকল্প উদ্বোধনকালে এবং ১৯৯৯ সালে এম এম ডিগ্রি কলেজ মাঠের জনসভায় একই ধরনের ঘোষণা দেন। আওয়ামী লীগের নেতা আব্দুল জলিলও একবার স্থানীয় জনগণের দাবির মুখে একই ঘোষণা দেন।ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র রেজুয়ান হোসেন বলেন, ‘চৌঘাট-জগন্নাথপুরে কাস্টম করিডর চালু হলে এলাকার যেমন উন্নয়ন হবে তেমনি সরকারও কোটি কোটি টাকার রাজস্ব পাবে।’এদিকে কাস্টম করিডর চালুর ঘোষণায় চৌঘাটে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের মধ্যে উচ্চমূল্যে জমি কেনার হিড়িক পড়ে, যা এখনো চলছে। এ ছাড়া পুলিশ ফাঁড়ির জন্য দুই একর এবং কাস্টমসের জন্য তিন একর জমি বরাদ্দ করা হয়, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।