চার দিন আগেই শেষ করতে হচ্ছে চট্টগ্রাম বাণিজ্য মেলা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নির্ধারিত সময়ের চার দিন আগে ২০ মার্চেই শেষ হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যে কারণে মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিপাকে ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। নগরের পলোগ্রাউন্ড মাঠে ২৪ মার্চ বাণিজ্য মেলা শেষ হওয়ার কথা থাকলেও ২৮ মার্চ একই জায়গায় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে মেলার কার্যক্রম গুটিয়ে নিতে বলা হয়েছে। সে অনুযায়ী মেলার কার্যক্রম চার দিন কমিয়ে ২০ মার্চ নির্ধারণ করেছে আয়োজক সংগঠন চট্টগ্রাম চেম্বার। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, সাধারণত শেষদিকেই মেলায় ক্রেতাদের ভিড় বাড়ে, বেচাকেনা জমে ওঠে এবং প্রতিবছর মেলার সময়সীমা ছয়-সাত দিন বাড়ানো হয়। কিন্তু এবার চার দিন আগেই মেলা শেষ করতে বলায় তাঁদের যেমন আর্থিক ক্ষতি হবে, তেমনি মেলায় স্থাপিত বিভিন্ন অবকাঠামোও হুট করে সরিয়ে নিতে তাঁরা বিপাকে পড়বেন। তাঁরা আরও বলেন, চট্টগ্রামে বড় মাঠের অভাব নেই। যেমন, পলোগ্রাউন্ডের চেয়ে আউটার স্টেডিয়ামের আয়তন অনেক বড়। যেখানে মহাসমাবেশ আয়োজন করা হলে বাণিজ্য মেলা চলত ব্যবসায়ীরা রক্ষা পেত। কারণ, মেলা আয়োজন ও এতে অংশ নিতে বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগও ইতিমধ্যে মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। এ জন্য অন্তত এক সপ্তাহ আগেই মেলার কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে।মেলায় তৈরি পোশাকের স্টল লিজা এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নান এবং হাসান ক্লথ সেন্টারের মালিক তারেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েক লাখ টাকা বিনিয়োগ করে মেলায় স্টল নিয়েছিলেন। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু বলেন, ‘আমরা চিটাগাং চেম্বারের সঙ্গে কথা বলে ২৮ মার্চ মহাসমাবেশের তারিখ নির্ধারণ করেছি। চেম্বার তো আমাদের তাড়াতাড়ি মাঠ খালি করে দেবে বলে জানিয়েছে। এখন ব্যবসায়ীরা যদি ক্ষতির মুখে পড়ে সেটার দায় তো আমাদের নয়, চিটাগাং চেম্বারের। চেম্বার কেন আরও আগে মেলার আয়োজন করেনি?’চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘২৪ মার্চ পর্যন্ত মেলার মেয়াদ ছিল। প্রধানমন্ত্রী ২৮ মার্চ মহাসমাবেশ করবেন। তাই মেয়াদ চার দিন কমিয়ে ২০ মার্চ পর্যন্ত করা হয়েছে। আমরা ২১ মার্চ মাঠ বুঝিয়ে দেব, যাতে মহাসমাবেশ করার জন্য তা উপযোগী করে তোলা যায়।’চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার তিন শতাধিক স্টল ও প্যাভিলিয়ন বসেছে। এ বছর মেলার পার্টনার কান্ট্রি হয়েছে থাইল্যান্ড।