চার দিন ধরে ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ
গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় চার দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসসংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু হলেও সংযোগ পেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।জানা গেছে, ছাতক পৌর এলাকার নোয়ারাই গ্রামের পাশে জালালাবাদ গ্যাসের পাইপলাইনে গত সোমবার সকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাসসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা এলাকার আবাসিক বাসিন্দারাও এখন গ্যাসের সমস্যায় পড়েছেন।কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আক্কাস আলী প্রথম আলোকে জানান, উৎপাদন বন্ধ থাকায় সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার লোকসান হচ্ছে। ছাতকে জালালাবাদ গ্যাসের প্রকৌশলী খান মো. জাকির হোসেন জানান, নতুন গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। কাজ শেষ করে লাইনটি চালু করতে আরও সপ্তাহ খানেক লাগতে পারে।