চার দিন পর আখাউড়া ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ঈদ উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে আবার শুরু হয়েছে।স্থলবন্দর দুটি গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন বন্ধ ছিল। খবর আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টা থেকে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।এ দিন ইলিশ ও ছোট মাছ মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাছ রপ্তানি হয় বলে ব্যবসায়ী মো. ফারুক মিয়া প্রথম আলোকে জানান।বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, রপ্তানির বিভিন্ন পণ্য নিয়ে দেড় শতাধিক ট্রাক বন্দরে এসেছে।হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যবাহী ট্রাক গতকাল বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরে প্রবেশ করলে কাজ শুরু হয়। এ তথ্য জানান বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী।