চার দিন পর দর সংশোধন

চার দিন পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার মূল্য সংশোধন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৬৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৫৯ পয়েন্টে।
দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকার বাজারে গতকাল লেনদেন হয়েছে প্রায় ৯৯২ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭০ কোটি টাকা।
ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হলেও সূচকে বড় ধরনের পতন ঘটেনি। এর প্রধান কারণ ছিল বিদ্যুৎ, জ্বালানি খাতসহ মৌলভিত্তির কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি।
কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, আগের দিনের ধারাবাহিকতায় গতকালও লেনদেনে আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এদিন এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ। কিছুদিন ধরে এই খাতটি লেনদেনে একক প্রাধান্য বিস্তার করছে।
একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। বেশ কিছুদিন পর গতকাল কোম্পানিটি লেনদেনে শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানিটির প্রায় ৮৭ কোটি টাকার লেনদেন হয় যা মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা চার দিন ঊর্ধ্বমুখী থাকার পর বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। কারণ, টানা মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এর ফলে বিক্রির চাপ বেড়ে যায়। মূল্য সংশোধনের দিনে লেনদেন বৃদ্ধিকে বাজারের জন্য ইতিবাচক বলেও মত দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকার বাজারে গতকাল ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টিরই দাম কমেছে, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। প্রধান সূচক কমলেও ডিএসইর সাধারণ সূচক প্রায় অপরিবর্তিত ছিল। দিনের শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৩৪ কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে এদিন ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬৯টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।
এদিকে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফে পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ বণ্টনের আগে এ-সংক্রান্ত নীতিমালা তৈরিতে একটি কমিটি করা হয়েছে। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আইসিবির প্রতিনিধি রয়েছে। এই কমিটিকে এক সপ্তাহের মধ্যে নীতিমালা তৈরি করতে বলা হয়। সে লক্ষ্যে কমিটি গতকাল প্রথম দফা বৈঠক করেছে।