চার দিন পর দরপতন বেড়েছে লেনদেন
টানা চার দিন চাঙাভাবের পর গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর প্রভাবে কমেছে সাধারণ মূল্যসূচক। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে অবশ্য শেয়ারের দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবেই দেখছেন। তাঁরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পতন ঠেকাতে গত ২৩ জানুয়ারি সরকার বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করে। এতে বাজারের ওপর বিনিয়োগকারীদের আবার আস্থা ফিরতে শুরু করেছে। তাঁদের মতে, এর ফলে গত মঙ্গলবার লেনদেন চালু হওয়ার পর থেকে বাজারে চাঙাভাব বজায় ছিল। তবে যাঁরা ধসের সময় সাহস করে কম দামে শেয়ার কিনেছিলেন, তাঁদের অনেকেই গতকাল মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করেছেন। বাজার যাতে আবারও অতি মূল্যায়িত না হয়, সে জন্য এ ধরনের মূল্য সংশোধন হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে কেউ কেউ মনে করছেন, মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেসব সতর্কতামূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা জড়তা তৈরি করেছে। গতকালের দরপতনের পেছনে এরও ভূমিকা রয়েছে। বাজার পরিস্থিতি: গতকাল সারা দিনই সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে এদিন লেনদেন শুরু হলেও বেলা ১১টা ২৫ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট কমে যায়। এর পর সূচক আবার ৪৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টা ৪৫ মিনিটের পর সূচকের তীর আবার নিম্নগামী হতে থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ৮৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে সাত হাজার ৪৮৪ পয়েন্টে গিয়ে ঠেকে। ডিএসইতে গতকাল ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত থাকে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন এক হাজার ৭৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি টাকা বেশি। ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, ইউসিবিএল, ডেসকো, পিপলস লিজিং, বে লিজিং, এনবিএল, বেক্সিমকো, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ ও সিএমসি কামাল। গতকাল সবচেয়ে বেশি বেড়েছে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম। এ ছাড়া বিডি ওয়েল্ডিং, অনালিমা ইয়ার্ন, স্ট্যান্ডার্ড সিরামিক, এমবি ফার্মা, এইচআর টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, মুন্নু সিরামিক ও মিথুন নিটিং দাম বাড়ার শীর্ষ ১০-এর তালিকায় ছিল। অপর দিকে দাম কমার তালিকায় শীর্ষে ছিল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার। এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, বিআইএফসি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবিএল ও কেয়া কসমেটিকসের দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ হিসেবে দেখা যাচ্ছে, বিমা খাতের কোম্পানিগুলো দর হারানোর দিক থেকে এগিয়ে ছিল।