চার দিন পর সূচক বাড়ল দুই স্টক এক্সচেঞ্জে
টানা চার দিন পতনের পর আজ সোমবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকের বাড়তি এই প্রবণতায়। সূচক বৃদ্ধির পাশাপাশি প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন গতকালের অবস্থানে রয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক এক দশমিক ৫২ শতাংশ অর্থাত্ ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৯১ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৫টিরই দাম বেড়েছে; কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২১৫ কোটি টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, গ্রামীণফোন, যমুনা অয়েল, আরগন ডেনিমস, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। তবে লেনদেন গতকালের অবস্থানে রয়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৬ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ টির দাম বেড়েছে। কমেছে ৩৩টির আর অপরিবর্তীত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গতকালের মতো আজও এই বাজারে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।