চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা কাল শুরু
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বুধবার শুরু হচ্ছে চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) মেলাটির আয়োজন করেছে।
মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিপিজিএমইএর সভাপতি জসীমউদ্দীন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৩৫০টির মতো স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছোট-বড় মিলিয়ে দেশে প্রায় পাঁচ হাজার প্লাস্টিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বছরে ২০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ প্রমুখ।