চার দেশের অভিন্ন যোগাযোগে গাড়ি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভারতকে সড়কপথে এক সুতায় বাঁধার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি থেকে এই চার দেশের মধ্যে সড়কপথে একটি গাড়ি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যা শুরু হবে কলকাতা থেকে। ভারত, বাংলাদেশ ও মিয়ানমার হয়ে চীনের কুনমিংয়ে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই চার দেশের মধ্যে বিনিয়োগ-বাণিজ্য ও সড়কপথের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে শোভাযাত্রাটির আয়োজন। এর আয়োজক বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার ফোরাম (বিসিআইএম ফোরাম)। ফোরামে রয়েছেন এসব দেশের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা। প্রসঙ্গত, ফোরামটি গঠিত হয় ১৯৯৯ সালে। আয়োজকদের সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি এই গাড়ি শোভাযাত্রা কলকাতা থেকে শুরু হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর যশোরে এক রাত অবস্থান করে পরের দিন তা ঢাকা পৌঁছাবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা দেওয়া হবে। এরপর ২৫ ফেব্রুয়ারি গাড়ি শোভাযাত্রাটি সিলেটের শেওলা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করবে।গাড়ি শোভাযাত্রার সম্ভাব্য পথটি হবে কলকাতা-পেট্রাপোল-বেনাপোল-যশোর-ঢাকা-সুতারকান্দি (সিলেট)-করিমগঞ্জ-শিলচর-ইম্ফল-মোরে-তামু-মেন্ডালে-রুলি (মিয়ানমার-চীন সীমান্ত) কুনমিং। এই পথটির দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৪৯০ কিলোমিটার। এই পথটি কার্যকর করা গেলে চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ইতিমধ্যে আয়োজকদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে বিদেশি গাড়ির জন্য ‘কারপাস’ নেওয়া হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়ার লক্ষ্যে প্রথম দফায় ১০টি চীনের গাড়ি আজ রোববার সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। গাড়িগুলো কলকাতা যাবে। এই শোভাযাত্রায় চীন ও ভারতের ১০টি করে ২০টি গাড়ি থাকবে। গাড়ি শোভাযাত্রায় চার দেশের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত অবকাঠামো বিশেষজ্ঞ এম রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, এ অঞ্চলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি মানুষের সরাসরি সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে বলে এ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এ সড়কপথটি চালু হলে এই অঞ্চলের বাণিজ্য সহজ হবে বলে মত দেন তিনি। যে সড়ক ধরে গাড়ি শোভাযাত্রাটি চলবে তার অবস্থা জানার জন্য এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধিদল পুরো পথটি ভ্রমণ করে।