চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্য শুরু ও পরিচালনায় বাংলাদেশের অবস্থান চার ধাপ এগিয়েছে। সর্বশেষ ব্যবসা-বাণিজ্য পরিচালন ব্যয় (ডুয়িং বিজনেস) ২০১১ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১০৭তম হয়েছে। গতবার এই অবস্থান ছিল ১১১তম। বিশ্বব্যাংক গোষ্ঠীর সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এ প্রতিবেদন প্রকাশ করে। ১৮৩টি দেশের ব্যবসা শুরু ও পরিচালনার ওপর ভিত্তি করে প্রতিবছরের মতো আইএফসি এই প্রতিবেদন প্রকাশ করেছে। গতবারের মতো এবারও এ প্রতিবেদনে শীর্ষস্থান দখল করে আছে সিঙ্গাপুর। সর্বনিম্ন স্থানে রয়েছে চাদ।বাংলাদেশে ব্যবসা শুরু এবং সম্পদ নিবন্ধন প্রক্রিয়ায় সংস্কারের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তবে অনলাইন রেজিস্ট্রেশন-প্রথা চালু এবং স্ট্যাম্প কেনার বাধ্যবাধকতা রহিত করার কারণে ব্যবসা কার্যক্রম আগের চেয়ে তুলনামূলক সহজ হয়েছে বলে প্রকাশ পেয়েছে। এ ছাড়া ব্যবসার সম্পদ হস্তান্তর ফি কমিয়ে সম্পদ মূল্যের ৬ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। যার ফলে সম্পদ হস্তান্তর প্রক্রিয়া আরও সহজ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কারণে সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিন এশিয়া : ব্যবসা শুরু এবং পরিচালনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। নেপাল, ভারত, ভুটান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য শুরু ও পরিচালনা করা পাকিস্তানে সবচেয়ে বেশি সহজ। ডুয়িং বিজনেস প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তালিকার শীর্ষস্থানে রয়েছে। পাকিস্তানের অবস্থান ৮৩তম। দক্ষিণ এশিয়ায় ব্যবসা করা সবচেয়ে কঠিন আফগানিস্তানে, দেশটির অবস্থান ১৬৭তম। এ ছাড়া তালিকায় মালদ্বীপ ৮৫তম, শ্রীলঙ্কা ১০২তম, নেপাল ১১৬তম, ভারত ১৩৪তম ও ভুটান ১৪২তম স্থানে রয়েছে।ডুয়িং বিজনেস প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, গতবারের তুলনায় বাংলাদেশ চার ধাপ, পাকিস্তান আট ধাপ, মালদ্বীপ ১১ ধাপ ও ভারত এক ধাপ এগিয়েছে। তবে নেপাল চার ধাপ, ভুটান ও আফগানিস্তান দুই ধাপ করে পিছিয়েছে। শ্রীলঙ্কার অবস্থান পরিবর্তন হয়নি।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সম্পদ নিবন্ধন, ব্যবসা শুরুর প্রক্রিয়া, কর প্রদানসহ বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ করা হয়েছে আইএফসির প্রতিবেদনে। বিশ্ব পরিস্থিতি: সারা বিশ্বের মধ্যে ব্যবসা শুরু ও পরিচালনা করা সবচেয়ে সহজ সিঙ্গাপুরে। তাই ডুয়িং বিজনেস প্রতিবেদনের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। গত বছরের মতো এবারও তালিকার শীর্ষ পাঁচটি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। হংকং দ্বিতীয়, নিউজিল্যান্ড তৃতীয়, যুক্তরাজ্য চতুর্থ ও যুক্তরাষ্ট্র পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া তালিকার শেষের চারটি অবস্থানে রয়েছে যথাক্রমে চাদ (১৮৩তম), সেন্ট্রাল আফ্রিকা (১৮২তম), বুরুন্ডি (১৮১তম)ও ইরিত্রিয়া (১৮০তম)।প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের তুলনায় ১৪৮টি দেশে ব্যবসা পরিচালনা আরও সহজ হয়েছে। ব্যবসা পরিচালনায় সবচেয়ে অগ্রগতি হয়েছে জর্জিয়ায়। এর তালিকায় বাংলাদেশও রয়েছে। পাঁচ বছরের ব্যবধানে ব্যবসা করা তুলনামূলক আরও কঠিন হয়েছে ২০টি দেশে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভেনেজুয়েলা।ডুয়িং বিজনেস প্রতিবেদন তৈরিতে নয়টি সূচক ব্যবহার করা হয়েছে। সূচকগুলো হলো: ব্যবসা শুরুর প্রক্রিয়া, অবকাঠামো তৈরির অনুমতি, সম্পদ নিবন্ধন, ঋণপ্রাপ্তি, বিনিয়োগ সুরক্ষা, কর প্রদান, বহির্বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও ব্যবসা গুটিয়ে দেওয়া।