চার পিকিং বিদ্যুৎউত্পাদন কেন্দ্র স্থাপনের দরপত্র অনুমোদন
সরকারি খাতে মোট ২৭০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন চারটি পিকিং বিদ্যুৎকেন্দ্র (কেবল সর্বোচ্চ চাহিদার সময় চালানো হয়) স্থাপনের দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এই চার প্রকল্প স্থাপনে মোট ব্যয় হবে এক হাজার ৮৯২ কোটি টাকা। চারটি কেন্দ্রই হবে ফার্নেস তেল চালিত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটি গতকাল রোববার এই প্রস্তাবগুলো অনুমোদন করে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. নুরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে গোপালগঞ্জ (১০০ মেগাওয়াট), বেড়া (৭০ মেগাওয়াট), শান্তাহার (৫০ মেগাওয়াট) ও কাঁটাখালী (৫০)। গোপালগঞ্জ প্রকল্পে ৬৯৩ কোটি আট লাখ টাকা, বেড়ায় ৪৮৪ কোটি ৬৮ লাখ টাকা, শান্তাহারে ৩৬৪ কোটি ১১ লাখ টাকা এবং কাঁটাখালীতে ৩৫০ কোটি পাঁচ লাখ টাকা।