ভারতীয় ২০০ কোটি ডলারের ঋণের চারটি প্রকল্প চূড়ান্ত করতেই এক বছর পার হয়ে গেল। সম্প্রতি ভারতের এক্সিম ব্যাংক এ চারটি প্রকল্প অনুমোদন দেয়। এ ঋণের অর্থ দিয়ে ১৪টি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ।
চূড়ান্তভাবে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো আশুগঞ্জ নৌবন্দর-সরাইল-ডারকার-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা, পরিবহন খাতের বিআরটিসির ৫০০ ট্রাক কেনা, ৫০০ বাস (৩০০ দ্বিতল ও ২০০ আর্টিকুলেটেড) কেনা ও সৈয়দপুর রেলওয়ের নতুন ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ।
>এ ধরনের উৎস থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে সাধারণত স্বাভাবিকের চেয়ে ২৫ শতাংশ বেশি খরচ হয় এম ফাওজুল কবির খান, সাবেক সচিব
গত বছরের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে এ চুক্তির সমঝোতা স্মারকে সই হয়, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট বা এলওসি নামে পরিচিত। এরপর চুক্তির শর্ত নিয়ে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা করতেই প্রায় নয় মাস কেটে যায়। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি সইয়ের পরই বাংলাদেশের পক্ষ থেকে আটটি প্রকল্প চূড়ান্ত করে পাঠানো হয়। এক্সিম ব্যাংক এসব প্রকল্প যাচাই-বাছাই করে গত ২০ জুন ওই চারটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়ার খবর জানায়। এ ছাড়া অনুমোদনের অপেক্ষায় আছে আরও চারটি প্রকল্প। এগুলো হলো খুলনা-দর্শনা ডাবল রেলপথ নির্মাণ; পার্বতীপুর-কাউনিয়া মিটারগেজ রেলপথকে দ্বৈত গেজে উন্নীতকরণ; বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন নির্মাণ এবং মোংলা, বাগেরহাট, ভেড়ামারায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন।
ভারতীয় ঋণে বাস্তবায়নের জন্য প্রকল্পের তালিকায় আরও আছে চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন এবং ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের আরও দুটি প্রকল্প রয়েছে।
দর-কষাকষির শুরুতে এক্সিম ব্যাংক প্রথমে শর্ত দিয়েছিল, এ ঋণের অর্থে যেসব প্রকল্প বাস্তবায়িত হবে, সেসব প্রকল্পের ৭৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। কিন্তু বাংলাদেশের আপত্তির পরিপ্রেক্ষিতে শর্ত শিথিল করে এক্সিম ব্যাংক। নতুন শর্ত অনুযায়ী পূর্ত কাজে ৬৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। এ ঋণের সুদের হার ১ শতাংশ, কমিটমেন্ট চার্জ দশমিক ৫ শতাংশ। ৫ বছর রেয়াতকালসহ ২০ বছরে পরিশোধ করতে হবে। কোনো কারণে নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
বঙ্গবন্ধু সেতুর অর্থনৈতিক মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সাবেক সচিব এম ফাওজুল কবির খান। প্রকল্প মূল্যায়নের এ বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের উৎস থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে সাধারণত স্বাভাবিকের চেয়ে ২৫ শতাংশ বেশি খরচ হয়। কেনাকাটার শর্ত মানতে ভারতের ঠিকাদারও নিয়োগ করতে হবে। ঋণের শর্ত ও প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের অগ্রাধিকার অনুকূলে আনার বিষয়টি নির্ভর করে দর-কষাকষির সক্ষমতায়। তিনি আরও বলেন, প্রকল্প চূড়ান্ত করতে বেশি সময় লাগলে কমিটমেন্ট চার্জ বেশি দিতে হবে। আমরা এক্সিম ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছি। এক্সিম ব্যাংক এমন খাতেই ঋণ দেবে, যা ভারতের রপ্তানি খাতকে সহায়তা করবে। তারা তাদের স্বার্থই দেখছে। আমরা এটা জেনেশুনেই এ ঋণ নিয়েছি।’
এর আগে ভারত ১০০ কোটি ডলার দিয়েছিল, যা প্রথম লাইন অব ক্রেডিট নামে পরিচিত ছিল। তখনো পূর্ত কাজে ৬৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে কেনার শর্ত ছিল। সেই ঋণে ১৫টি প্রকল্প রয়েছে। এর মধ্যে সাতটি বাস্তবায়িত হয়েছে। বাকি প্রকল্পগুলো চলমান।