শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান ও ছয় ব্যক্তিকে এক লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠান চারটি হলো প্রভাতী ইনস্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, সিলনেট সিকিউরিটিজ ও ফার্স্টলিড সিকিউরিটিজ। কমিশনের নির্দেশনা অমান্য করায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। এ ছাড়া তালিকাভুক্ত দুটি কোম্পানির পাঁচজন পরিচালকসহ ছয় ব্যক্তিকে এক লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন: সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম এ মান্নান, নারগিস মান্নান, রেশমী মান্নান সিদ্দিকী ও গালিব মান্নান; ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক; এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের প্লেসমেন্ট শেয়ারধারী মোহাম্মদ সোলেমান চৌধুরী। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এসব জরিমানা করা হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সিকিউরিটিজ আইন অমান্য করায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্টকে (মার্চেন্ট ব্যাংক) সতর্ক করে দিয়েছে কমিশন। পাশাপাশি বিধিভঙ্গের দায়ে সিএমএসএল সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। এর বাইরে কমিশনের গতকালের সভায় ডিএসইর পরিচালক হিসেবে আইসিএবির সভাপতি সাইফুল ইসলামের নিয়োগ অনুমোদন করা হয়। তিনি আইসিএবির সাবেক সভাপতি পারভিন মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। এ ছাড়া সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ক্যাপিটাল ইস্যু রুলস এবং স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধি ও মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালার কয়েকটি ধারার চূড়ান্ত সংশোধনী গেজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত হয়।