চার প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা
সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি ও তিনটি ব্রোকারেজ হাউসকে আট লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এবি সিকিউরিটিজ লিমিটেড, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটি লিমিটেড ও লিগেসি ফুটওয়্যার লিমিটেড।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভ) রুলস, ২০০০ এর ১, ২(১) ও ৭ ধারা ভঙ্গ করায় এবি সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।প্যারামাউন্ট ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিএসইসির নির্দেশনা অমান্য করায় ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউস জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া তালিকাভুক্ত কিছু শেয়ারে অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ১৮ ধারা ভঙ্গ করার অভিযোগে লিগেসি ফুটওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে ডিএসইর ওয়েবাসইটে প্রকাশিত সংবাদে আরও বলা হয়।