চার বছর ধরেই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরেই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কমছে। এই প্রবণতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগানকে বাধাগ্রস্ত করতে পারে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মাসিক প্রকাশনায় (নভেম্বর) এমন আশঙ্কা করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছর থেকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার কমছে। ওই অর্থবছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ। এরপর তা কমে ২০১২-১৩ অর্থবছরে ১১ দশমিক ৮, ২০১৩-১৪ অর্থবছরে ৯ দশমিক ৪ ও ২০১৪-১৫ অর্থবছরে ৩ দশমিক ৯৮ শতাংশে নেমে যায়।
গবেষণা প্রতিষ্ঠানটির হিসাবমতে, দেশে রাজস্ব আদায়ের সম্ভাবনা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ শতাংশ পর্যন্ত হতে পারে। বাস্তবে তা অর্ধেকের মতো হচ্ছে। তবে এটাও ঠিক, জিডিপির তুলনায় রাজস্ব আদায় বাড়ছে। যেমন রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপির তুলনায় ২০১১-১২ অর্থবছরে ১০ দশমিক ৮৯, ২০১২-১৩ অর্থবছরে ১১ দশমিক ৬৫, ২০১৩-১৪ অর্থবছরে ১১ দশমিক ৬৬ এবং ২০১৪-১৫ অর্থবছরে ১২ দশমিক ০৯ শতাংশে উঠেছে।
উন্নয়ন অন্বেষণ বলেছে, গত চার অর্থবছরে জিডিপির অনুপাতে গড় রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৭ শতাংশ। অথচ একই সময়ে গড় রাজস্ব আদায়ের পরিমাণ প্রতিবেশী ভারতে ১৯ দশমিক ৪, নেপালে ১৮ দশমিক ৯, পাকিস্তানে ১৩ দশমিক ৭ এবং শ্রীলঙ্কায় ১৩ দশমিক ৪ শতাংশ হয়েছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে কর-রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি আগের বারের তুলনায় কমেছে বলে উন্নয়ন অন্বেষণের পর্যবেক্ষণে এসেছে। ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কর-রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ১ শতাংশ, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে ১০ দশমিক ৩ শতাংশে নেমেছে।
মোট কর-রাজস্বের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর আদায়ের হারও অনেক কম বলে উল্লেখ করেছে উন্নয়ন অন্বেষণ।