চার বছরে আসবাব রপ্তানি বেড়েছে তিন গুণ
দেশের আসবাব বিদেশের বাজারে ভালো জায়গা করে নিচ্ছে। প্রতিবছরই রপ্তানি বাড়ছে। গত চার বছরের ব্যবধানে এ খাতের রপ্তানি আয় বেড়েছে প্রায় তিন গুণ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে আসবাব খাতের রপ্তানি আয় ছিল ৮৯ লাখ ডলার। বিদায়ী ২০১১-১২ অর্থবছরে এই আয় দাঁড়ায় দুই কোটি ৭১ লাখ ডলার। সেই হিসাবে চার বছরে খাতটির রপ্তানি আয় বেড়েছে প্রায় ২০৭ শতাংশ বা তিন গুণ। আসবাব খাত থেকে চলতি ২০১২-১৩ অর্থবছরে তিন কোটি ১৬ লাখ ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতের রপ্তানি আয় হয়েছে ৬৩ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের ৫০ লাখ ডলারের রপ্তানি আয়ের চেয়ে ৬১ দশমিক ৬৩ শতাংশ বেশি।ইপিবির তথ্যমতে, ২০০৯-১০ অর্থবছরে আসবাব খাতের রপ্তানি আয় হয় এক কোটি ৯২ লাখ ডলার। পরের বছর এই রপ্তানি আয় বেড়ে দুই কোটি ১৩ লাখ ডলারে দাঁড়ায়, যা ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৯০ শতাংশ এবং আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। এ বিষয় নিয়ে বাংলাদেশ আসবাবপত্র রপ্তানিকারক সমিতির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান বলেন, প্রতিযোগিতামূলক দামে মানসম্মত পণ্য দিতে পারার কারণেই এ খাতের রপ্তানি আয় বাড়ছে।ইতালির মিলানের একটি প্রতিষ্ঠান দুই বছর আগে বাংলাদেশের আসবাবশিল্প নিয়ে একটি গবেষণা করে। এতে বলা হয়, আসবাব রপ্তানিতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। ২০১৫ সালের মধ্যে এ খাতের রপ্তানি আয় চার কোটি ডলার হবে। তবে পণ্যের মান ও উৎপাদনক্ষমতা বাড়াতে পারলে ২০২০ সালে আসবাব থেকে ১০০ কোটি ডলার পর্যন্ত রপ্তানি বাড়ানো সম্ভব বলে ওই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।জানা যায়, দেড় যুগ আগেও আসবাব তৈরির সঙ্গে মূলত ক্ষুদ্র ও কিছু মাঝারি মানের কারখানাই যুক্ত ছিল। তখনকার সময় নির্মিত আসবাবের মূল চাহিদা ছিল ঘরবাড়িতে। তবে সময়ের ব্যবধানে অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবের চাহিদা অনেক বেড়েছে।এ ছাড়া দেশীয় চাহিদা মেটাতে সারা দেশেই গড়ে উঠেছে কয়েক হাজার ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। সমিতির দেওয়া তথ্যমতে, আসবাবশিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৩০ লাখ লোক জড়িত। আন্তর্জাতিক বাজার ছাড়াও দেশের অভ্যন্তরেই প্রায় ১১ হাজার কোটি টাকার আসবাবের বাজার আছে।সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দেশের আসবাব নকশা ও মানসম্মত হওয়ায় বিদেশিদের কাছে দ্রুত জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশের স্বনামধন্য আসবাব নির্মাতা প্রতিষ্ঠান—অটবি, আকতার, হাতিল, ব্রাদার্স, পারটেক্স ও নাভানা মূলত রপ্তানি বাজারের নেতৃত্ব দিচ্ছে। এগুলো ব্র্যান্ড নামে প্রতিষ্ঠিত হয়ে গেছে।১৯৯৭ সাল থেকে আসবাব বিদেশে রপ্তানি শুরু হয়। বর্তমানে ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, জার্মানিসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি করা হয়। কাঠের তৈরি গৃহে ও জাহাজে ব্যবহার্য আসবাবই বর্তমানে বেশি রপ্তানি হচ্ছে। তবে কয়েক বছর ধরে ভারতে অফিস ফার্নিচার ও জাপানে কাঠের তৈরি টাইলস রপ্তানি শুরু হয়েছে।একাধিক ব্যবসায়ী জানান, কাঠের তৈরি আসবাবের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প উপাদান (বিভিন্ন ধরনের বোর্ড) দিয়ে আসবাব তৈরি করছেন নির্মাতারা। সেগুন বা মেহগনি কাঠের চেয়ে এসব বিকল্প উপাদান দিয়ে তৈরি আসবাব সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বড় প্রতিষ্ঠানের সঙ্গে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পারটেক্স, এমডি, লেমিনেটেড, পলিসহ বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে আসবাব তৈরি করছে। এখন অফিস, ঘরবাড়ি কিংবা হাসপাতালে এসব বোর্ডের আসবাব ব্যাপক হারে ব্যবহূত হচ্ছে। তবে এসব বোর্ড বাংলাদেশে তৈরি হয় না। সাধারণত মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন থেকে আমদানি করতে হয়। আর দীর্ঘস্থায়িত্ব বিবেচনায় দেশীয় ভোক্তাদের পছন্দের তালিকায় এখনো কাঠের তৈরি আসবাব শীর্ষে বলেই জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমানে সেগুন, টিকমেহগনি, ওক, চেরি প্রভৃতি কাঠ মিয়ানমার, নাইজেরিয়া, আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়। আর কারুকার্যময় কাঠের তৈরি আসবাবই মূলত বিদেশে রপ্তানি হচ্ছে। একই সঙ্গে দেশের কাঠ তো আছেই। তবে ব্যবসায়ীরা বলেন, ‘উন্নত দেশে এখন পুরোপুরি কম্পিউটারাইজড পদ্ধতিতে আসবাব তৈরি হয়। কিন্তু আমাদের দেশে পুরোটাই হাতে তৈরি। গুটি কয়েক বড় প্রতিষ্ঠান ছাড়া কেউই স্বয়ংক্রিয় নির্মাণপ্রযুক্তি ব্যবহার করছে না। তাই মান ও নকশার দিক থেকে উন্নত দেশের চেয়ে এখনো বাংলাদেশের এই খাত কিছুটা পিছিয়ে আছে। সে কারণেই এখনো প্রতিবছর দেশে বিপুল পরিমাণ আসবাব আমদানি করা হয়।’ তাঁরা আরও বলছেন, দেশের আসবাবশিল্পটি শ্রমনিবিড়। তাই উন্নত মানের শ্রমিক তৈরিতে নজর দেওয়া প্রয়োজন। এতে পণ্যের গুণগত মান বৃদ্ধি করে রপ্তানি আরও বাড়ানো সম্ভব।