সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রীর দাবি
চার বছরে গ্যাস ও বিদ্যুৎ-সংকটে কোনো শিল্পকারখানা বন্ধ হয়নি!
এই সরকারের চার বছরে গ্যাস ও বিদ্যুৎ-সংকটে কোনো শিল্পকারখানা বন্ধ হয়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।সরকারের চার বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এ দাবি করেন। শিল্পমন্ত্রী বলেন, চার বছরে বিদ্যুতের উৎপাদন তিন হাজার ২০০ মেগাওয়াট থেকে বেড়ে ছয় হাজার ৩৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। আরও ২৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। গ্যাসের উৎপাদন বেড়েছে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট। কোনো কোনো কারখানায় গ্যাস-সংযোগও দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া যাচ্ছে না।শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সময় মন্ত্রীর পাশে ছিলেন প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।গ্যাস-সংকটে কম সার উৎপাদিত হচ্ছে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের ছয়টি সার কারখানা রয়েছে। এগুলোর উৎপাদনক্ষমতা বার্ষিক ১৮ লাখ টন। গ্যাসের অভাবে উৎপাদিত হচ্ছে ১০ লাখ টন। বাকি আট লাখ টন সার আমদানি করতে হচ্ছে। কাফকোর (কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি) কাছ থেকে আন্তর্জাতিক দরে চার লাখ টন সার আমদানি করতে হচ্ছে। উন্মুক্ত দরপত্র এবং রাষ্ট্রীয় পর্যায়েও সার আমদানি করতে হচ্ছে।’ শিল্পমন্ত্রীর দাবি, প্রতি কেজি ইউরিয়া সার আমদানিতে সরকারের খরচ হয় ৪১ টাকা। আর কৃষককে তা দেওয়া হচ্ছে ২০ টাকায়। প্রতি কেজিতে সরকার ভর্তুকি দিচ্ছে ২১ টাকা।মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এখন শিল্প খাতের অবদান কতটুকু, জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন জিডিপিতে শিল্পের অবদান ছিল ২৮ শতাংশ। এখন তা ৩০ শতাংশে দাঁড়িয়েছে।’শিল্পমন্ত্রী দাবি করেন, চার বছরে গড়ে সাড়ে ৬ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখন পঞ্চম। এ দেশের মাথাপিছু আয় ৬৩০ ডলার থেকে বেড়ে ৮৫০ ডলারে উন্নীত হয়েছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩৮২ কোটি ডলারের। পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উঠে এসেছে। সরকারি খাতে পাঁচ লাখ ও বেসরকারি খাতে ৭৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।সাভারে ট্যানারি স্থানান্তর বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, এই সরকারের আমলেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ শেষ হবে। তাঁর অভিযোগ, ট্যানারি-মালিকেরা নানা অজুহাতে সেখানে যেতে চান না। এ ক্ষেত্রে নতুন নতুন শর্ত দিচ্ছেন তাঁরা।আইনের অভাবে বাংলাদেশের জামদানি ও ইলিশের মতো পণ্যের স্বত্ব ভারত নিয়ে নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক নির্দেশক আইন চূড়ান্ত পর্যায়ে আছে। শীতকালীন অধিবেশনে এটি পাস হবে। এটি পাস হলে তার ভিত্তিতেই জামদানি ও ইলিশ যে আমাদের পণ্য, সেই ন্যায্য দাবি আমরা ডব্লিউআইপিওর (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন) কাছে তুলে ধরতে পারব।’দিলীপ বড়ুয়া আরও দাবি করেন, চার বছরে ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতে ১৫ হাজার ১৪৭ কোটি টাকা নতুন বিনিয়োগ হয়েছে।