চার বছরে ব্যাংক খাতে সংরক্ষিত মূলধন ১৭৩ শতাংশ বেড়েছে
ঝুঁকি সংবেদনশীল ব্যাসেল-২ নীতিমালা বাস্তবায়নের ফলে দেশের ব্যাংক খাতে মূলধন ভিত্তি ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে। সে অনুযায়ী গত চার বছরে ব্যাংকগুলোতে (জুন ২০১২ পর্যন্ত) সংরক্ষিত মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২০১ কোটি টাকা। এই সময়ে ব্যাংক খাতে মূলধন বেড়েছে ৩৫ হাজার ৬২৩ কোটি টাকা বা ১৭৩ শতাংশ।ব্যাংকগুলোর মুনাফার একটা বড়ো অংশ মূলধনে স্থানান্তর হওয়ার কারণে এমনটি ঘটেছে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে।কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ প্রসঙ্গে বলা হয়, ব্যাসেল-১ নীতিমালা পালনকালে ২০০৮ সাল শেষে ব্যাংকগুলোতে সংরক্ষিত মোট মূলধনের পরিমাণ ছিল ২০ হাজার ৫৭৮ কোটি টাকা। এরপরে ঝুঁকি সংবেদনশীল ব্যাসেল-২ নীতিমালা বাস্তবায়নের ফলে ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। এতে ব্যাংকগুলোর রক্ষিতব্য মূলধনের পরিমাণ যেমন বেড়েছে তেমনি সংরক্ষিত মূলধনের পরিমাণও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ব্যাংকগুলোর আর্থিক সুস্থতা ও স্থিতিশীলতার অন্যতম পরিমাপক হচ্ছে মূলধন পর্যাপ্ততা। ব্যাসেল-২ নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোর ওপর তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তারা এর চেয়ে বেশি (১১.৩১ শতাংশ) সংরক্ষণে সক্ষম হয়েছে।