চার বছরে ৪৬৮১ কোটি টাকার সুদ মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি ব্যাংকগুলোর ব্যক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ২৪ হাজার ৪০৩ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে এক হাজার ৩২১ কোটি টাকা।গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। তার আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত এ সময় জানান, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দুই লাখ ১৭ হাজার ৯৯২টি ঋণের বিপরীতে মোট চার হাজার ৬৮০ কোটি ৯৯ লাখ টাকা সুদ মওকুফ করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক মওকুফ করেছে এক হাজার ৭৩১ কোটি ৮৯ লাখ টাকা, জনতা ব্যাংক এক হাজার ৮১৯ কোটি ৬৯ লাখ, অগ্রণী ব্যাংক ৫৪৭ কোটি ৭৭ লাখ, রূপালী ব্যাংক ৩১৩ কোটি, কৃষি ব্যাংক ৫৩ কোটি ১৫ লাখ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১৮২ কোটি ২৫ লাখ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৮ কোটি ৪৩ লাখ এবং বেসিক ব্যাংক ১৪ কোটি ৭৩ লাখ টাকা সুদ মওকুফ করা হয়েছে। অপু উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যাংকগুলোতে ঋণখেলাপির সংখ্যা ২৩ হাজার ৩৪৭। এর মধ্যে সোনালী ব্যাংকে ঋণখেলাপির সংখ্যা ছয় হাজার ৪৬৮, জনতা ব্যাংকে চার হাজার ৪৫৬, অগ্রণী ব্যাংকে আট হাজার ৫৫৭ এবং রূপালী ব্যাংকে তিন হাজার ৮৬৬টি। মন্ত্রী আরও জানান, বেসরকারি ব্যাংকগুলোয় ঋণখেলাপির সংখ্যা ৭৬ হাজার ৩৩১। এর মধ্যে পূবালী ব্যাংকে চার হাজার ৭৪৯টি, উত্তরা ব্যাংকে এক হাজার ৬৫৬, এবি ব্যাংকে এক হাজার নয়, আইএফআইসি ব্যাংকে এক হাজার ১৪০, ইসলামী ব্যাংকে এক হাজার ৭৬৩, এনবিএলে ৯০৭, সিটি ব্যাংকে ছয় হাজার ৬৫৪, ইউসিবিএলে চার হাজার ৮৫২, আইসিবি ইসলামিক ব্যাংকে ৭৪১, ইবিএলে চার হাজার ১৪৪, এনসিসিবিএলে ৬২২, প্রাইম ব্যাংকে দুই হাজার ৩৫, সাউথ-ইস্ট ব্যাংকে ৫৫৯, ঢাকা ব্যাংকে দুই হাজার ৫৫৬, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ২১০, সোস্যাল ইসলামী ব্যাংকে ৩৫৯, ডাচ্-বাংলা ব্যাংকে ৬১৪, মার্কেন্টাইল ব্যাংকে এক হাজার ১০০, ওয়ান ব্যাংকে ৯২৬, এক্সিম ব্যাংকে ৩৪১, প্রিমিয়ার ব্যাংকে এক হাজার ৩৬৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১০৪, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৬০, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১১৬, ট্রাস্ট ব্যাংকে ৪৭৮, ব্যাংক এশিয়ায় এক হাজার ৮৪১, বিসিবিএলে ৬৫৭, যমুনা ব্যাংকে ১৪৫, শাহজালাল ইসলামী ব্যাংকে ১৮৮ এবং ব্র্যাক ব্যাংকে ৩৪ হাজার ৪৪৫টি। অন্যদিকে বাংলাদেশে অবস্থিত বিদেশি ব্যাংকগুলোয় ঋণখেলাপির সংখ্যা ১০ হাজার ২৫২টি। খেলাপি ঋণ নিয়ে ২৬ হাজার ৫৭৯টি মামলা বিচারাধীন আছে।ফরিদা রহমানের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, গত চার বছরে সরকারি ও বেসরকারি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বিল বকেয়া রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৬১ কোটি ৯১ লাখ টাকা। বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বকেয়া আছে ২৯১ কোটি দুই লাখ টাকা।সাধনা হালদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলা জটিলতায় অনাদায়ী রাজস্বের পরিমাণ ৩৩ হাজার ৩১ কোটি টাকা। এ-সংক্রান্ত মামলার সংখ্যা চার হাজার ৮৯২টি।