চার বছরেই মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ার সুযোগ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক মনে করে, জাতীয় প্রবৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে মধ্যম আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের চার বছরের বেশি সময় লাগার কথা নয়। তবে এই প্রবৃদ্ধির সুফল দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক বিস্তৃতি ঘটিয়ে দ্রুত দারিদ্র্য মোচন ও মানবসম্পদ উন্নয়ন সূচকগুলোর দ্রুত উন্নয়ন করতে হবে।সেটা করা গেলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের শ্রেণীভুক্তি থেকে বের করে আনতে সরকারের ঘোষিত লক্ষ্যটি ঠিকঠাক মতো অর্জন নিশ্চিত করা যাবে।অন্যদিকে মধ্য মেয়াদে দেশের সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর জন্য নিকট ও মধ্যমেয়াদি ছয়টি নিম্নমুখী ঝুঁকি ও অনিশ্চয়তার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো: রপ্তানি বাণিজ্য ও প্রবাসী আয়ের (রেমিটেন্স) ওপর বিশ্বব্যাপী আর্থিক সংকটের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব; মন্দাকবলিত দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকদের ফেরত আসা অব্যাহত থাকা; বিনিয়োগ প্রবাহে দুর্বলতা; অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি; বিদ্যুত্, গ্যাস, বন্দর, পরিবহনসহ অবকাঠামোগত সমস্যা এবং বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।বাংলাদেশ ব্যাংক ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে গতকাল রোববার এসব তথ্য দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা ও মুরশিদ কুলি খান, গভর্নরের সিনিয়র পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী, অর্থনৈতিক উপদেষ্টা হাবিব উল্লাহ বাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তবে ২০০৮-০৯ অর্থবছরের প্রতিবেদনে যেসব ঝুঁকির কথা রয়েছে তা বর্তমান অবস্থাতেও বিদ্যমান কিনা—এমন প্রশ্নে আল্লাহ মালিক কাজেমী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সবগুলো ঝুঁকিই কমের দিকে নেমে এসেছে। পশ্চিমা দেশগুলোর বাজার ততটা ভালো না হলেও এসব দেশে বাংলাদেশ মৌলিক পণ্যগুলো (পোশাকের ক্ষেত্রে মৌলিক কাপড়) রপ্তানি করে। ফলে বাজার হারানোর আশঙ্কা নেই। অন্যদিকে পূর্বের দেশগুলোতে নতুন বাজার তৈরি হচ্ছে যা ইতিবাচক।আতিউর রহমান বলেন, ‘দেশজ উত্পাদনে অব্যাহত প্রবৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো আয় ক্রমশ বৃদ্ধির কারণে মাথাপিছু জাতীয় আয় দ্রুত বাড়ছে। তিনি জানান, মাথাপিছু জাতীয় আয় ২০০৪-০৫ অর্থবছর থেকে প্রায় ৫০ শতাংশ বেড়ে ২০০৮-০৯ অর্থবছরে হয়েছে ৬৯০ মার্কিন ডলার। এই হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলে মাথাপিছু আয় ৯৭৬ মার্কিন ডলারে পৌঁছাতে বছর চারেকের বেশি সময় লাগার কথা নয়। আর এটাই মধ্যম আয়ের দেশ হওয়ার অন্যতম নির্ধারক।প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার না হলে ২০০৯-১০ অর্থবছরে ২০০৮-০৯ এর মতো একই পর্যায়ের প্রবৃদ্ধি অর্জন করা চ্যালেঞ্জিং হবে। কেননা, ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতির সংকট বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে।আতিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতিতে আর্থিকখাতের বিপর্যয় থেকে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিতেও বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধি সন্তোষজনক ছিল। আগের অর্থবছরের ৬.২ শতাংশ হারে প্রবৃদ্ধির পর ২০০৮-০৯ অর্থবছরে ৫.৯ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর বড় মাত্রার রপ্তানি পতনের প্রেক্ষাপটেও ১০ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের এক বড় অর্জন হিসেবে চিহ্নিত করা যায়। ভারতে এ সময় প্রবৃদ্ধি ২০ শতাংশ হারে কমে গেছে।গভর্নর আরও বলেন, বিশ্ব পণ্যবাজারে মূল্য পতন ও কৃষিখাতে ভালো স্থানীয় উত্পাদনের কারণে গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ২০০৮-০৯ অর্থবছরের শুরুর দিকে ৯.৯ শতাংশ ছিল যা ধীরে ধীরে কমে আসে। অর্থবছরের শেষে তা হয় ৬.৭ শতাংশ। আর গত ডিসেম্বরে এটি নেমে হয়েছে ৫.১১ শতাংশ।আতিউর রহমান বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যতেও কোনো সংকট দেখা দিলে দেশের ব্যাংক ও আর্থিক খাতের তারল্য, মূলধন পরিস্থিতির যাতে কোনো ঝুঁকি না আসে সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ সমূহ তুলে ধরেন।বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে ২০০৮-০৯ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের আয় কমে আসার কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বিশ্ববাজারে সুদের হার কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের আয় উদ্বৃত্ত ২০০৮-০৯ অর্থবছরে আগের বছরের তিন হাজার ১৫০ কোটি টাকা থেকে কমে আড়াই হাজার কোটি টাকায় এসে দাঁড়ায়। এর নিট আয় থেকে ৭৭০ কোটি টাকা বিভিন্ন বিধিবদ্ধ তহবিল ও সুদ হিসেবে স্থানান্তরের পর অবশিষ্ট এক হাজার ৭৩০ কোটি টাকা সরকারের হিসাবে স্থানান্তর করা হয়েছে।