চার বছরের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। আর ২০২১ সালের পর দেশে কোনোভাবেই অতিদারিদ্র্য বলে কিছু থাকবে না।
বেশ জোর দিয়েই এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি বলেন, ‘এ কথা বলার পর কেউ আমাকে পাগল বললেও বলতে পারেন। কিন্তু আমি বলছি, ২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবেই হবে।’
রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে দারিদ্র্যবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ দাবি করেন।
সরকারি প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটি সরকারি ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে।
দেশকে দারিদ্র্যমুক্ত করার নিজের জোর দাবির পক্ষে যুক্তি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যসীমা ১৫ শতাংশের নিচে নেমে এলে সেটিকে দারিদ্র্যমুক্ত বলে দাবি করা যায়। বিশ্বের কোনো দেশই একেবারে দারিদ্র্যমুক্ত নয়। তাই দারিদ্র্যসীমা ১৫ শতাংশের নিচে নেমে এলে সেটিকে দারিদ্র্যমুক্ত বলে ধরা হয়। তাই আমাদের হিসাবে ২০১৮ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার নেমে আসবে ১৪ শতাংশে। তখন এটিকে দারিদ্র্যমুক্ত বলা যাবে।’
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রাক্কলন অনুসারে, দেশে দারিদ্র্যের বর্তমান হার ২৫ দশমিক ৬ শতাংশ। তবে সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী ২০১০ সালে দেশের ৩১ দশমিক ৫ শতাংশ। ২০১৫ সালে নতুন জরিপ সম্পন্ন করার পর দারিদ্র্য পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।
যাঁরা দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলেন, তাঁদের পাগল বলে অভিহিত করেন অর্থমন্ত্রী। তাঁর মতে, দারিদ্র্য কখনো শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব নয়।
আবদুল মুহিত আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অসাধারণ কৃতিত্ব রয়েছে। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার ২৫ শতাংশের নিচে। এটা অবশ্যই ভালো অর্জন। বিশ্বব্যাংক বা অন্যরা বলে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অতিদারিদ্র্যমুক্ত হবে। কিন্তু আমাদের হিসাব, ২০২১ সালের পর দেশে অতিদারিদ্র্য বলে কিছু থাকবে না।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার দুর্বলতা একটি টেকসই জীবনযাপনের ক্ষেত্রে বড় বাধা। এ দুর্বলতা কাটিয়ে উঠে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করা দরকার।’
অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রতিমন্ত্রী বলেন, সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্রামাঞ্চলে দারিদ্র্যের আঘাত এখন আগের চেয়ে অনেক কমে এসেছে। দারিদ্র্যের এ হার আরও কমিয়ে আনতে হলে সামাজিক বিনিয়োগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে হলে গ্রামীণ সামাজিক জীবনকে পুনর্নির্মাণ করতে হবে। সামাজিক মূলধন বৃদ্ধির দিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের পরিচালনা উপদেষ্টা ক্রিস্টিন ই কাইমস, এসডিএফের চেয়ারম্যান এম আই চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এসডিএফের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০০০ সালে গঠিত এই সংস্থাটি দেশের ১৬টি জেলার তিন হাজার ২৬২টি গ্রামে ৬০ লাখ তৃণমূল জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে; যাঁদের মধ্যে ৯৫ ভাগই নারী। সংস্থাটি ১০ শতাংশ সুদে সদস্যদের মাঝে ঋণ বিতরণ করে থাকে, যে ঋণ নিয়ে গ্রামীণ নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন। গতকালের অনুষ্ঠানে এসডিএফের ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে সচ্ছল জীবনযাপন করছেন—এমন তিন নারীও বক্তব্য দেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৮০ লাখ দরিদ্র পরিবার রয়েছে। গত ১৪ বছরে এসডিএফ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ১০ লাখ পরিবারকে দারিদ্র্যের আওতা থেকে বের করে এনেছে।