চার ব্যক্তি, আট প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে চার ব্যক্তি ও আট প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ জরিমানা করা হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যে চার ব্যক্তিকে কারসাজির দায়ে জরিমানা করা হয়েছে—আবদুর রহিম ও তাঁর স্ত্রী বদরুন নেসা, মাহফুজুর রহমান ভূঁইয়া ও বুলবুল আহমেদ। আর আট প্রতিষ্ঠান হলো নিউ ক্যাপিটাল ফিন্যান্স অ্যান্ড কমার্স, এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিং, ইক্যুইটি ক্যাপিটাল, এ আর কনসালটেশন, নাহার আফরোজ ওমর আলী ফাউন্ডেশন, তাসরাত রায়াত এগ্রো এন্টারপ্রাইজ, ভিশন ক্যাপিটাল ও প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

জরিমানার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই আবদুর রহিমের কারসাজির সহযোগী। আবদুর রহিমই ছিলেন কারসাজির ঘটনার মূল অনুঘটক। শেয়ারবাজারে তিনি ‘রহিম বাদশা’ নামেই সর্বাধিক পরিচিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইক্যুইটি ক্যাপিটাল (এমসিএস), এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিং, নিউ ক্যাপিটাল ফিন্যান্স অ্যান্ড কমার্স ও এ আর কনসালটেশন আবদুর রহিমের নিজের সুবিধাভোগী প্রতিষ্ঠান। কাগজ-কলমে আবদুর রহিম এসব কোম্পানির কোনোটির ব্যবস্থাপনা পরিচালক, কোনোটির সচিব, কোনোটির ভাইস চেয়ারম্যান ও কোনোটির স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আবদুর রহিমকে সর্বোচ্চ ২৫ লাখ, ভিশন ক্যাপিটালকে ১৮ লাখ, নিউ ক্যাপিটাল ফিন্যান্সকে ছয় লাখ, বুলবুল আহমেদ, এম্পায়ার সিকিউরিটিজ, ইক্যুইটি ক্যাপিটাল ও এ আর কনসালটেশনের প্রত্যেককে চার লাখ করে মোট ১৬ লাখ, মাহফুজুর রহমান ভূঁইয়া, বদরুন নেসা, নাহার আফরোজ ওমর আলী ফাউন্ডেশন, তাসরাত রায়াত এগ্রো ও প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, আবদুর রহিম এবং তাঁর সুবিধাভোগী প্রতিষ্ঠান ও সহযোগী ব্যক্তিদের নিয়ে ২০০৯-১০ সালে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল, বঙ্গজ, মিথুন নিটিং ও রেনেটার শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটিয়েছে। এ জন্য আবদুর রহিমকে এককভাবে ১০ লাখ, সহযোগী মাহফুজুর রহমান ভূঁইয়া, বুলবুল আহমেদ, নিউ ক্যাপিটাল ফিন্যান্স অ্যান্ড কমার্সের প্রত্যেককে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এ কারসাজির ঘটনায় ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩১ মে প্রথম আলোর প্রথম পাতায় ‘রহিম বাদশার অভিনব শেয়ারবাজার কারসাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আবদুর রহিমের কারসাজির বিস্তারিত তুলে ধরা হয়। ২০১৩ সালে এসে সেই ঘটনার বিচার করেছে বিএসইসি।