চার ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় চার ব্যক্তি ও আট প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার কমিশনের ৫০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, ২০০৯-১০ সালে আবদুর রহিম ও তাঁর সহযোগী (অ্যাসোসিয়েটস) রহিম টেক্সটাইল, বঙ্গজ, মিথুন নিটিং ও রেনেটার শেয়ার নিজেদের মধ্যে সিরিজ লেনদেনের মাধ্যমে বাজারকে কারসাজিমূলক প্রভাবিত করে। এর মাধ্যমে আবদুর রহিম ও তাঁর সহযোগীরা মিথ্যা ও বিভ্রান্তিমূলক সক্রিয় লেনদেন এবং নিজেদের বিক্রীত শেয়ার কেনার মাধ্যমে বেনিফিশিয়াল ওনারশিপ পরিবর্তন না করে সিকিউরিটিজ অ্যান্ড অরডিন্যান্স আইন ভঙ্গ করায় আবদুর রহিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁর সহযোগী মাহফুজুর রহমান ভূঁইয়া, বুলবুল আহমেদ ও নিউ ক্যাপিটাল ফাইনান্স অ্যান্ড কমার্স লিমিটেডের প্রত্যেককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের মাঝামাঝি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের শেয়ার লেনদেনে আবদুর রহিম নিজের নামে বিভিন্ন বিও হিসাবের মাধ্যমে সক্রিয় লেনদেন, অন্য বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার জন্য সিরিজ লেনদেন, বিভিন্ন শেয়ার মূল্য, শেয়ারের পরিমাণ ও ট্রেড কন্ট্রাক্টের সংখ্যা প্রভাবিত করার মাধ্যমে আইন ভঙ্গ করায় তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ২০১১ সালের জুলাই মাসের বিভিন্ন তারিখে ফিনিক্স ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উল্লেখযোগ্য সংখ্যক (সিগনিফিক্যান্ট ভ্যালু) লেনদেন করা হয়। ওই লেনদেনে অধিক সংখ্যক হাওলার মাধ্যমে রহিম ও তাঁর অ্যাসোসিয়েটস মূল্য প্রভাবিত করার উদ্দেশ্যে সিরিজ লেনদেন, মিথ্যা ও বিভ্রান্তিমূলক সক্রিয় লেনদেন করেন। এভাবে আইন ভঙ্গ করায় আবদুর রহিমকে ১০ লাখ টাকা এবং তার অ্যাসোসিয়েটস নিউ ক্যাপিটাল ফাইনান্স অ্যান্ড কমার্স লিমিটেড, এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিং লিমিটেড, ইক্যুইটি ক্যাপিটাল (এমসিএস) লিমিটেড, এআর কনসালটেশন, নাহার আফরোজ ওমর আলী ফাউন্ডেশন, বদরুন নেসা ও তাশরাত রায়াত অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ওই সন্দেহজনক ও দুরভিসন্ধিমূলক লেনদেনের বিষয়টি কমিশন এবং স্টক এক্সচেঞ্জকে অবহিত না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ভঙ্গ করায় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (ডিএসই সদস্য নম্বর ২৪) ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১১ সালের প্রথম প্রান্তিকে ফিনিক্স ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে কাউন্টার পার্টি ট্রেড সম্পন্ন করায় অর্থাত্ নিজের বিক্রীত শেয়ার ক্রয়ের মাধ্যমে লেনদেনে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে আইন অমান্য করায় এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিং লিমিটেড, ইক্যুইটি ক্যাপিটাল লিমিটেড, নিউ ভিশন ক্যাপিটাল ফাইনান্স অ্যান্ড কমার্স লিমিটেড, মি বুলবুল আহমেদ ও এআর কনসালটেশন সিকিউরিটিজের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিয়ম ভঙ্গ করায় প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টকে দুই লাখ টাকা এবং ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে আট লাখ টাকা জরিমানা করা হয়।