চার ব্যাংকের বিনিয়োগতথ্য চেয়েছে এসইসি
জাতীয় দৈনিকে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে ঘোষণা দেওয়া চার ব্যাংকের কাছে বিনিয়োগসংক্রান্ত তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ২৩ জুলাই চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিনিয়োগের ঘোষণা দেওয়া চারটি ব্যাংক হলো: এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ও পূবালী ব্যাংক। এনসিসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি, এক্সিম ব্যাংক ২০০ কোটি ও পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়। এসইসির ওই চিঠিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত বিনিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি এসইসির নজরে পড়েছে। বিজ্ঞপ্তি দেওয়া ব্যাংকগুলোর ঘোষিত বিনিয়োগ কোন সিকিউরিটিজ হাউসের মাধ্যমে সম্পাদন করা হবে, বিনিয়োগকৃত অর্থ ইতিমধ্যে সিকিউরিটিজ হাউসে জমা করা হয়েছে কি না এবং কত দিনের মধ্যে ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করা হবে—এসব তথ্য ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।এ ছাড়া ওই চার ব্যাংকের ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করার সাত কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত বিষয় এসইসিকে জানাতে বলা হয়েছে।গত মঙ্গলবার পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার কেনা বা বিনিয়োগসংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয় এসইসি। এসইসির ৪৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।